আফগানিস্তানে হামলায় ২২৮ তালেবান নিহতের দাবি পাকিস্তানের


, আপডেট করা হয়েছে : 27-02-2026

আফগানিস্তানে হামলায় ২২৮ তালেবান নিহতের দাবি পাকিস্তানের

সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগে আফগানিস্তানে ব্যাপক সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তান। এতে এখন পর্যন্ত অন্তত ২২৮ তালেবান যোদ্ধা নিহত এবং ৩১৪ জন আহত হয়েছেন বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। খবর আল জাজিরার।


পাকিস্তানের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানান, অভিযানে আফগানিস্তানের অন্তত ৭৪টি সীমান্ত চৌকি ধ্বংস এবং ১৮টি চৌকি দখল করা হয়েছে। তবে আফগানিস্তানের তালেবান সরকার এর আগে দাবি করেছিল, তাদের আটজন যোদ্ধা নিহত ও ১১ জন আহত হয়েছেন।


পাকিস্তানের নিরাপত্তা সূত্র জানায়, ‘অপারেশন গাজাব-লিল-হক্ক’ নামে এ সামরিক অভিযান শুরু করা হয়েছে। দেশটির যুদ্ধবিমান নানগারহার প্রদেশে একটি গোলাবারুদ ডিপো ধ্বংস করেছে বলেও দাবি করা হয়।



সরকারি সূত্রের ভাষ্য অনুযায়ী, কাবুল, পাকতিয়া ও কান্দাহারের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, দুটি কর্পস সদর দপ্তর, তিনটি ব্রিগেড সদর দপ্তর, দুটি গোলাবারুদ ডিপো, একটি লজিস্টিক ঘাঁটি, তিনটি ব্যাটালিয়ন সদর দপ্তর ও দুটি সেক্টর সদর দপ্তরে আঘাত হানা হয়েছে। পাশাপাশি ৮০টির বেশি ট্যাঙ্ক, আর্টিলারি গান ও সাঁজোয়া যান ধ্বংসের দাবি করা হয়েছে।


এর আগে গত রোববার আফগান সীমান্তে পাকিস্তানের অভিযানে কয়েকজন নিহত হন। ওই ঘটনার জবাবে বৃহস্পতিবার আফগান বাহিনী পাকিস্তানের সীমান্তবর্তী স্থাপনায় হামলা চালায়। পরে ইসলামাবাদ পাল্টা হামলা চালালে রাতভর দুই দেশের বাহিনীর মধ্যে সংঘর্ষ চলে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার