কলকাতায় মারা যাওয়া সাবেক এমপির মরদেহ হস্তান্তর


, আপডেট করা হয়েছে : 02-03-2026

কলকাতায় মারা যাওয়া সাবেক এমপির মরদেহ হস্তান্তর

ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া টাঙ্গাইল-৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের মরদেহ সীমান্তে পাঠিয়েছে ভারতীয় পুলিশ।


রোববার (২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে বিশেষ ব্যবস্থায় ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তার মরদেহ যশোরের বেনাপোল চেকপোস্টে পাঠানো হয়।


এর আগে শুক্রবার কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তিনি লাইফ সাপোর্টে ছিলেন।


নিহতের পরিবার সূত্রে জানা যায়, ২০২৪ খ্রিস্টাব্দের ৫ আগস্টের পর মো. জোয়াহেরুল ইসলাম অবৈধ পথে ভারতে যান এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরিবার-পরিজনসহ নিউটাউনেই অবস্থান করছিলেন সাবেক এই সংসদ সদস্য। শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর এবং হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। জোয়াহেরুল ইসলাম ২০১৭ খ্রিস্টাব্দে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান।


জোয়াহেরুল ইসলাম টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তিনি এর আগে করটিয়া সরকারি সা’দত কলেজে দুবার ছাত্র সংসদ ভিপি নির্বাচিত হন।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার