গৌরবের এক অনন্য অর্জনে উজ্জ্বল হলো নওগাঁ জেলার মান্দা উপজেলার ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন। সারা বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন ৯নং তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এস. এম. মোখলেছুর রহমান (কামরুল)।
আগামী ১২ জুলাই ঢাকায় অনুষ্ঠিত রাষ্ট্রীয় আয়োজনে তিনি মাননীয় রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পৃথকভাবে পদক ও সম্মাননা গ্রহণ করবেন।
এ অর্জন শুধু একজন চেয়ারম্যানের ব্যক্তিগত সাফল্য নয়; বরং সমগ্র তেঁতুলিয়া ইউনিয়ন, মান্দা উপজেলা এবং নওগাঁ জেলার মানুষের জন্য অত্যন্ত গর্ব ও সম্মানের বিষয়। তাঁর দক্ষ নেতৃত্ব, সততা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিরলস জনসেবার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, উন্নয়ন, জনকল্যাণ ও সেবামূলক কর্মকাণ্ডে তাঁর আন্তরিক প্রচেষ্টার ফলেই তেঁতুলিয়া ইউনিয়ন আজ জাতীয় পর্যায়ে মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে।
এস. এম. মোখলেছুর রহমান (কামরুল) বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে নির্বাচনে অংশগ্রহণ করে চেয়ারম্যান নির্বাচিত হন। দায়িত্ব পালনের মাধ্যমে তিনি তেঁতুলিয়াবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন বলে মনে করছেন স্থানীয় গুণীজনরা।
এ অর্জনে তেঁতুলিয়াবাসী মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছেন এবং দোয়া করছেন—আল্লাহ যেন তাঁকে সুস্বাস্থ্য, দীর্ঘ নেক হায়াত, প্রজ্ঞা ও শক্তি দান করেন। পাশাপাশি ভবিষ্যতেও যেন তিনি সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।