৮ ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজশাহীর রেল যোগাযোগ


, আপডেট করা হয়েছে : 21-07-2026

৮ ঘণ্টা পর স্বাভাবিক হলো রাজশাহীর রেল যোগাযোগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধরের অভিযোগে টিকিট পরীক্ষককে বহিষ্কার ও ৫ দফা সিদ্ধান্ত বাস্তবায়নের আশ্বাসে প্রায় ৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।


টিটিই সুমনের শাস্তি ও সুষ্ঠু তদন্তের দাবিতে মঙ্গলবার সকাল থেকে রেললাইন অবরোধ করেন রাবি শিক্ষার্থীরা। ফলে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল চলাচল বন্ধ থাকে। এতে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা পড়ে এবং যাত্রীরা দুর্ভোগে পড়েন।


বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের বৈঠকে শিক্ষার্থীদের চার দফা দাবি মেনে নেওয়া হয়। বৈঠকে অভিযুক্ত টিটিই সুমনকে সাময়িক বহিষ্কার করা হয়। একই সঙ্গে রেলওয়ের অভ্যন্তরীণ বিষয় তদন্তে একটি এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি সমন্বয়ে অপর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়া ভুক্তভোগী শিক্ষার্থী ফুরকান উদ্দিনের চিকিৎসার ব্যবস্থা, প্রয়োজনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসা এবং গভীর রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজ চালুর সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তের অগ্রগতি পর্যালোচনায় আগামী ৬ আগস্ট ফলোআপ সভা অনুষ্ঠিত হবে।


সিদ্ধান্তের কথা জানার পর রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিতে প্রশাসন ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ায় তারা অবরোধ প্রত্যাহার করেছেন। তদন্ত কমিটিগুলো নিরপেক্ষভাবে কাজ করবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন। বিকেল সাড়ে ৩টার দিকে অবরোধ প্রত্যাহারের পরপরই রাজশাহী থেকে ট্রেন চলাচল শুরু হয়।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার