৬০০ বছরের ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ ধ্বংসের ঝুঁকিতে


রাকিবুল হোসেন শাহীন: , আপডেট করা হয়েছে : 28-07-2026

৬০০ বছরের ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ ধ্বংসের ঝুঁকিতে

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মসজিদকুঁড় গ্রামে কপোতাক্ষ নদের পূর্ব তীরে দাঁড়িয়ে আছে বাংলার সুলতানি আমলের প্রায় ৬০০ বছরের পুরনো মসজিদকুঁড় মসজিদ। ৯ গম্বুজবিশিষ্ট এই স্থাপনা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইসলামি স্থাপত্যের অনন্য নিদর্শন হলেও দীর্ঘদিনের অবহেলা ও সংস্কারের অভাবে আজ ধ্বংসের ঝুঁকিতে রয়েছে।


সরেজমিনে দেখা যায়, মসজিদের পলেস্তারা খসে পড়ছে, দেওয়ালে ফাটল দেখা দিয়েছে এবং কারুকাজের অনেক অংশ বিবর্ণ হয়ে গেছে।


ঐতিহাসিক সূত্র অনুযায়ী, মসজিদটি ১৫০০ শতকে খান জাহান আলীর সময় বা তার অনুসারীদের উদ্যোগে নির্মিত। বর্গাকার এ মসজিদের বাইরের প্রতিটি বাহুর দৈর্ঘ্য প্রায় ১৬.৭৬ মিটার। চারটি ইটের স্তম্ভ অভ্যন্তরকে ৯টি সমান বর্গে ভাগ করেছে, যার প্রতিটির ওপর একটি করে গম্বুজ রয়েছে।


স্থানীয় বাসিন্দা আশরাফুজ্জামান বলেন, ‘এই মসজিদের নামেই আমাদের গ্রামের নাম মসজিদকুঁড়। দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এটি দেখতে আসেন।’


মসজিদের খতিব হাফেজ মাওলানা মো. আমিরুল ইসলাম বলেন, ‘এটি শুধু একটি মসজিদ নয়, আমাদের ইতিহাসের অংশ। নিয়মিত সংস্কার না হলে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।’


প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সীমিত বাজেটের কারণে প্রয়োজনীয় সব সংস্কার করা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে বড় বরাদ্দ পাওয়া গেলে সংরক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার