যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব


, আপডেট করা হয়েছে : 03-09-2026

যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব

২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহে বড় পরিবর্তন এসেছে। একক দেশ হিসেবে সবচেয়ে বেশি প্রবাসী আয় সৌদি আরব থেকে এসেছে। আগের অর্থবছরে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র এবার নেমে গেছে পঞ্চম অবস্থানে।


আলোচ্য অর্থবছরে বাংলাদেশে মোট ৩৫ হাজার ৫৮৯ দশমিক ৩৯ মিলিয়ন (৩ হাজার ৫৫৮ কোটি ৯৩ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের তুলনায় ৫ হাজার ২৬০ দশমিক ৫৮ মিলিয়ন ডলার বেশি।


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।



ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনের বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে সংরক্ষিত আসন-১০-এর সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির তারকা চিহ্নিত প্রশ্নের লিখিত জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।



সংসদে উপস্থাপিত তথ্যানুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে একক দেশ হিসেবে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে সৌদি আরব থেকে। দেশটি থেকে প্রবাসীরা পাঠিয়েছেন ৫ হাজার ৮৪৮ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার।


এর আগের অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোর শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র, যার পরিমাণ ছিল ৪ হাজার ৭৩৩ দশমিক ১৩ মিলিয়ন ডলার। তবে ২৫-২৬ অর্থবছরে দেশটি থেকে রেমিট্যান্স প্রবাহ কমে দাঁড়িয়েছে ৩ হাজার ১৩ দশমিক ১৫ মিলিয়ন ডলারে, যা শীর্ষ তালিকার পঞ্চম স্থানে নেমে গেছে।


প্রতিমন্ত্রী নুর আরও জানান, আলোচ্য ২৫-২৬ অর্থবছরে যুক্তরাজ্য থেকে রেমিট্যান্স এসেছে ৫ হাজার ৭১ দশমিক ৯৯ মিলিয়ন ডলার এবং মালয়েশিয়া থেকে এসেছে ৩ হাজার ৪০৩ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার