০৬ এপ্রিল ২০২৬, সোমবার, ০৬:১৫:৪১ পূর্বাহ্ন
ঢাকা–৫ আসনে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান
  • আপডেট করা হয়েছে : ০৯-০২-২০২৬
ঢাকা–৫ আসনে ইপিজেড গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ঢাকা–৫ আসনে দ্রুত একটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল ইপিজেড স্থাপন করা হবে, যার মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এলাকার অর্থনৈতিক কাঠামো শক্তিশালী হবে। তিনি বলেন, এখানে ইপিজেড গড়ে তোলা গেলে অন্তত ছয় লাখ মানুষের কাজের সুযোগ তৈরি হবে। দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ কর্মসংস্থানের সংকটে রয়েছে। বিএনপি ক্ষমতায় এলে পরিকল্পিতভাবে এই ইপিজেড বাস্তবায়ন করা হবে, যাতে বেকারত্ব কমে আসে।



সোমবার বিকেলে ঢাকা–৫ আসনের যাত্রাবাড়ী শহীদ ফারুক হোসেন রোডে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


তারেক রহমান বলেন, দেশ গড়তে হলে পরিকল্পনা ও অভিজ্ঞতা দরকার। কর্মসংস্থান ছাড়া কোনো দেশের ভাগ্য বদলানো সম্ভব নয়। তিনি বলেন, বিএনপিই একমাত্র দল যাদের কাছে দেশ পরিচালনার অভিজ্ঞতা ও সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। ইপিজেড প্রসঙ্গে তিনি জানান, দেশে প্রথম ইপিজেড চালু করেছিল বিএনপি সরকার, ফলে কীভাবে এসব অঞ্চল স্থাপন ও পরিচালনা করতে হয় সে বিষয়ে দলটির বাস্তব অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই ঢাকা–৫ আসনে ইপিজেড গড়ে তোলা হবে।


চব্বিশের স্বৈরাচারবিরোধী আন্দোলনে এ এলাকার মানুষের ভূমিকার কথা স্মরণ করে তারেক রহমান নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে এই এলাকার মানুষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।


তিনি আরও বলেন, এই অধিকার প্রতিষ্ঠার জন্য যারা জীবন দিয়েছেন তাদের প্রতি সম্মান জানাতে হলে দায়িত্বশীলভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। বিএনপি ক্ষমতায় এলে নারীদের স্বাবলম্বী করা, কৃষকদের সহায়তা দেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তারেক রহমান বলেন, শুধু ভোটাধিকার নয়, মানুষের মৌলিক নিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বচ্ছলতাও গণতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ।


নারীদের ক্ষমতায়নের বিষয়ে তিনি জানান, বিএনপি ফ্যামিলি কার্ড চালু করবে, যার মাধ্যমে প্রতিটি পরিবারের গৃহিণী সরাসরি সরকারি সহায়তা পাবেন এবং ধীরে ধীরে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবেন।


ছাত্র ও তরুণদের কর্মসংস্থানের প্রসঙ্গে তিনি বলেন, প্রতিটি সংসদীয় আসনে অন্তত একটি করে ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন করা হবে, যেখানে কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দেশ ও বিদেশে কাজের সুযোগ তৈরি করা হবে। বিদেশে যেতে আগ্রহী তরুণদের জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণের ব্যবস্থার কথাও জানান তিনি, যাতে কাউকে জমি বা পৈতৃক সম্পত্তি বিক্রি করতে না হয়।


কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর ঘোষণা দিয়ে তারেক রহমান বলেন, এর মাধ্যমে সার, বীজ ও কীটনাশক সরাসরি কৃষকের হাতে পৌঁছাবে। সরকার গঠন হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হবে বলেও তিনি জানান।


স্বাস্থ্যখাতের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, গ্রামে গ্রামে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হেলথ কেয়ার কর্মী নিয়োগ করা হবে এবং বিশেষভাবে মা ও বোনদের চিকিৎসাসেবায় গুরুত্ব দেওয়া হবে।


শেয়ার করুন