১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ০৯:৩২:৪৮ পূর্বাহ্ন
রাজশাহীতে ৬৭ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, বিশেষ নিরাপত্তা জোরদার
  • আপডেট করা হয়েছে : ১১-০২-২০২৬
রাজশাহীতে ৬৭ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, বিশেষ নিরাপত্তা জোরদার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে রাজশাহীর ৬৭ দশমিক ৪৮ শতাংশ ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এর আগে যেসব কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটেছে, সেগুলোকে গুরুত্ব দিয়ে এই তালিকা করা হয়েছে।


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) আওতায় রয়েছে ২১৭টি কেন্দ্র। এগুলোকে তিন শ্রেণিতে ভাগ করা হয়েছে—অধিক গুরুত্বপূর্ণ (অধিক ঝুঁকিপূর্ণ): ৮৭টি, গুরুত্বপূর্ণ: ১১৬টি, সাধারণ: ১২টি


অন্যদিকে জেলা পুলিশের আওতায় রয়েছে মোট ৫৬১টি কেন্দ্র। এর মধ্যে ৩২২টি গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) এবং ২৩৯টি সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আরএমপির আওতায় পড়েছে রাজশাহী সদর আসন, রাজশাহী-৩, রাজশাহী-৫ ও রাজশাহী-৬ আসনের আংশিক এলাকা। জেলা পুলিশের অধীনে রয়েছে আটটি থানা এবং মেট্রোপলিটনের আওতায় ১২টি থানা।


পুলিশ জানিয়েছে, অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে চারজন অস্ত্রধারী পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার এবং লাঠিসহ ১০ জন পুলিশ ও নারী আনসার সদস্য মোতায়েন থাকবেন। গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্রেও থাকবে তিনজন অস্ত্রধারী পুলিশ, দুইজন অস্ত্রধারী আনসার এবং লাঠিসহ ১০ জন সদস্য। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে বডি ওয়ার্ন ক্যামেরা ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


রাজশাহী-২ (সদর) আসন ছাড়া বাকি পাঁচটি আসনের ব্যালট পেপার ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পৌঁছেছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টা থেকে কঠোর নিরাপত্তার মধ্যে জেলার নয়টি উপজেলায় ব্যালট পাঠানো হয়।


রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে ব্যালট পরিবহনের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


রাজশাহী জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বলেন, ‘ইতোমধ্যেই জেলার সব উপজেলায় ব্যালট পেপার পৌঁছে গেছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে পৌঁছানোর পর ব্যালটগুলো নির্ধারিত স্টোর রুমে সংরক্ষণ করা হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি উপজেলা পর্যায় থেকে ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ ভোটগ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হবে। রাজশাহী-২ (সদর) আসনের ব্যালট পেপার ১১ ফেব্রুয়ারি রাজশাহীর মাদ্রাসা মাঠ থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে।’


অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, ‘রাজশাহী জেলায় আটটি থানায় ৫৬১টি কেন্দ্র আছে। এর মধ্যে ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ কেন্দ্র আছে ৩২২টি। সাধারণ কেন্দ্র আছে ২৩৯টি। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’


রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘আরএমপির অধীনে কেন্দ্রগুলো তিনটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ, আরেকটি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ এবং আরেকটি সাধারণ। অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র আছে ৮৭টি, গুরুত্বপূর্ণ আছে ১১৬টি এবং সাধারণ আছে ১২টি। নির্বাচন উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।’


শেয়ার করুন