দেশে সরকারি কর্মকর্তা-কর্মচারীর শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি। একই সময়ে মোট কর্মরত রয়েছেন ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন।
বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
প্রতিমন্ত্রী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে প্রকাশিত ‘স্ট্যাটিস্টিক্স অব পাবলিক সার্ভেন্ট ২০২৪’ অনুযায়ী এই হিসাব করা হয়েছে।
তথ্য অনুযায়ী, প্রথম শ্রেণিতে কর্মরত রয়েছেন ১ লাখ ৯০ হাজার ৭৭৩ জন, যেখানে শূন্য পদ রয়েছে ৬৮ হাজার ৮৮৪টি। দ্বিতীয় শ্রেণিতে কর্মরত ২ লাখ ৩৩ হাজার ৭২৬ জনের বিপরীতে শূন্য পদ ১ লাখ ২৯ হাজার ১৬৬টি।
তৃতীয় শ্রেণিতে ৬ লাখ ১৩ হাজার ৮৩৫ জন কর্মরত থাকলেও শূন্য রয়েছে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি পদ। চতুর্থ শ্রেণিতে কর্মরত ৪ লাখ ৪ হাজার ৫৭৭ জনের বিপরীতে শূন্য পদ রয়েছে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি।
এ ছাড়া অন্যান্য ক্যাটাগরিতে কর্মরত রয়েছেন ৭ হাজার ৯৮০ জন এবং শূন্য পদ রয়েছে ৮ হাজার ১৩৬টি।
প্রতিমন্ত্রী আরও জানান, অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক কর্মচারীরাও বিভিন্ন শ্রেণিতে কর্মরত থাকলেও তারা সরকারের নিয়মিত বেতন কাঠামোর আওতায় পড়েন না।
পরে সম্পূরক প্রশ্নে শূন্য পদ পূরণের সময়সীমা জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এসব পদ পূরণ একটি চলমান প্রক্রিয়া।

