খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (খুমেবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রফিকুস সালেহীন। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের তথ্য জানায়।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য তিনি খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
অধ্যাপক ডা. রফিকুস সালেহীন বাগেরহাট জেলার কুলিয়াদাইড় গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবাও একজন চিকিৎসক ছিলেন।
অভিজ্ঞ জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন ও শিক্ষক হিসেবে চিকিৎসা অঙ্গনে তার রয়েছে দীর্ঘদিনের সুনাম। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে ৩০ বছরের বেশি সময়ের কর্মজীবন শেষে অধ্যাপক হিসেবে অবসর নেন।
বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত।

