১১ মে ২০২৬, সোমবার, ০২:২৫:০৯ পূর্বাহ্ন
মান্না-থালাপতির ছবি ভাইরাল, যা জানা গেল
  • আপডেট করা হয়েছে : ১০-০৫-২০২৬
মান্না-থালাপতির ছবি ভাইরাল, যা জানা গেল

ঢাকাই সিনেমার গণমানুষের নায়ক মান্না এবং তামিল চলচ্চিত্রের বর্তমান মহাতারকা থালাপতি বিজয়কে একই ফ্রেমে দেখা গেছে একটি ভাইরাল ছবিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবিটি ঘিরে এখন ভক্তদের মধ্যে চলছে তুমুল আলোচনা, আবেগ আর নানা জল্পনা।



ওই ছবিতে দেখা যায়, মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন আজকের দক্ষিণী সুপারস্টার বিজয়। ছবিটি প্রকাশের পর থেকেই দুই বাংলার চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নস্টালজিয়া, বিস্ময় এবং কৌতূহল।


ভাইরাল হওয়া এ ছবি অনেকের মনে ব্যাপক কৌতূহল তৈরি করছে, আবার অনেকে ছবিটিকে এআই দিয়ে তৈরি বলে দাবি করছেন। কিন্তু ছবির আসল রহস্য কী জানেন? তথ্য বলছে, ২০০০ সালে চিত্রনায়ক মান্না ভারতীয় অভিনেত্রী রানী মুখার্জিকে নিয়ে কৃতাঞ্জলি চলচ্চিত্র থেকে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন। পরবর্তী সময়ে ভারতে বিজয় থালাপতিসহ অনেক তারকাদের সঙ্গে প্রয়াত মান্নার দেখা হয়। তবে যে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেটি তখনকার সময়ে তোলা কি না তার সুনিদিষ্ট তথ্য পাওয়া যায়নি। অনেকে মনে করছেন, এটি বাস্তবও হতে পারে। কারণ, মান্নার একাধিক সিনেমার পোস্ট-প্রোডাকশন কাজ হয়েছে ভারতের চেন্নাইয়ের প্রসাদ ল্যাব ও এভিএম স্টুডিওতে। ২০০৩ থেকে ২০০৪ সালের দিকে মান্না যখন ‘বাস্তব’, ‘মিনিস্টার’ বা ‘বীর সৈনিক’-এর কাজে চেন্নাইয়ে ছিলেন, তখন একই সময় বিজয়ের সিনেমার কাজও চলছিল বলে জানা যায়। সেই সূত্রেই মান্না-বিজয়ের দেখা হয়ে থাকতে পারে এমন ধারণা করছেন অনেকে। প্রয়াত নায়ক মান্নার স্ত্রী শেলি মান্নার কাছে কিছু জানতে চাইলে তিনি বলেন, ‘অনেক আগের কথা, ঠিক মনে পড়ছে না। তবে বিজয়ের সঙ্গে তার দেখা হতেও পারে। প্রায় তো ইন্ডিয়ায় বিভিন্ন অনুষ্ঠানে ও কাজে যেত।’ তবে নায়ক মান্নার ছেলে সিয়াম ইলতেমাশ অবশ্য দাবি করেছেন, ছবিটি এআই দিয়ে তৈরি। এদিকে ছবি শনাক্তকারী ওয়েবসাইড সাইটইঞ্জিন বলছে, মান্না ও থালাপতি বিজয়ে ছবিটি ৩ শতাংশ এআই দিয়ে তৈরি। অর্থাৎ ছবিটি বাস্তব ক্যামেরায় তোলা। ভাইরাল ছবিটি আসল হোক কিংবা এআই প্রযুক্তি দিয়ে তৈরি হোক এটি ভক্তদের আবেগী করে তুলেছে মান্নার পুরনো স্মৃতিতে।


শেয়ার করুন