১৮ মে ২০২৬, সোমবার, ১০:০০:৩৮ অপরাহ্ন
সৌদি আরবে পৌঁছেছেন ৬৩ হাজার ২৬১ বাংলাদেশি হজযাত্রী
  • আপডেট করা হয়েছে : ১৮-০৫-২০২৬
সৌদি আরবে পৌঁছেছেন ৬৩ হাজার ২৬১ বাংলাদেশি হজযাত্রী

বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১৬৩টি হজ ফ্লাইটে ৬৩ হাজার ২৬১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।



বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, সোমবার (১৮ মে) সকাল ১০টা পর্যন্ত এসব ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।


হজ বুলেটিন অনুযায়ী, রোববার (১৭ মে) পর্যন্ত স্বাভাবিক কারণে ১৭ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও পাঁচজন নারী। এর মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় পাঁচজন মারা গেছেন।


এদিকে সৌদি মেডিকেল টিম রোববার পর্যন্ত ৩৪ হাজার ৩৭০ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে সেবা পেয়েছেন ১৭ হাজার ৯৮৮ জন।


এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করবেন।


বেসরকারি ব্যবস্থাপনায় ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে ৩০টি লিড এজেন্সি ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।


এয়ারলাইন্সভিত্তিক তথ্যে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৩টি ফ্লাইটে ৩২ হাজার ৮৪০ জন, সৌদি এয়ারলাইন্সের ৫৮টি ফ্লাইটে ২১ হাজার ৯৬৫ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।


হজ অফিস জানিয়েছে, অবশিষ্ট ১৫ হাজার ১২৬ জন হজযাত্রী নির্ধারিত সময়সূচি অনুযায়ী ধাপে ধাপে সৌদি আরব যাবেন।


গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


ঢাকায় সৌদি দূতাবাস এ পর্যন্ত ৭৮ হাজার ৩৮৭টি হজ ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২২টি ভিসা দেওয়া হয়েছে।



এর আগে রোববার সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা যায়। সে হিসাবে আগামী ২৭ মে দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। আর ২৬ মে অনুষ্ঠিত হবে পবিত্র হজ।


হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে থেকে শুরু হবে। শেষ ফিরতি হজ ফ্লাইট নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ জুন।


শেয়ার করুন