২৩ মে ২০২৬, শনিবার, ০৯:৫৩:৫৬ অপরাহ্ন
রাজশাহীতে ৪ দফা দাবিতে সরকারি কলেজ কর্মচারীদের মানববন্ধন
  • আপডেট করা হয়েছে : ২৩-০৫-২০২৬
রাজশাহীতে ৪ দফা দাবিতে সরকারি কলেজ কর্মচারীদের মানববন্ধন

 চাকরি রাজস্বখাতে স্থানান্তর ও কর্মসংস্থানের নিশ্চয়তার দাবিতে রাজশাহীতে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।


শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী কলেজ গেটের সামনে এই মানববন্ধনের আয়োজন করে রাজশাহী বিভাগের সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন।


মানববন্ধনে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো-


১. সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের চাকরি অবিলম্বে রাজস্বখাতে স্থানান্তর করতে হবে।

২. রাজস্বখাতে স্থানান্তরের আগ পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান করতে হবে।

৩. দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে কর্মরত কর্মচারীদের অগ্রাধিকার দিয়ে নতুন নিয়োগ বন্ধ রাখতে হবে।

৪. অস্থায়ী কর্মচারীদের চাকরিচ্যুতি বন্ধ করতে হবে এবং কোনো কর্মচারীকে শূন্য হাতে চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে না।


বক্তারা বলেন, দেশের প্রায় ৩৫০টি সরকারি কলেজে দীর্ঘ ১০ থেকে ২৫ বছর ধরে বেসরকারি কর্মচারীরা শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। দীর্ঘদিন দায়িত্ব পালন করলেও এখনো তাদের চাকরি রাজস্বখাতে অন্তর্ভুক্ত করা হয়নি।


রাজশাহী বিভাগের সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. এহসানুল কবীর বলেন, কলেজগুলোর তৃতীয় ও চতুর্থ শ্রেণির প্রায় ৮০ শতাংশ প্রশাসনিক ও একাডেমিক কাজ বেসরকারি কর্মচারীদের মাধ্যমে সম্পন্ন হলেও তাদের চাকরি স্থায়ী হয়নি। তিনি অভিযোগ করেন, ২০১৩ ও ২০২০ সালের নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘদিনের অভিজ্ঞ কর্মচারীদের যথাযথ অগ্রাধিকার দেওয়া হয়নি।


তিনি আরও বলেন, করোনা মহামারির সময় অনেক কলেজে কর্মচারীদের বেতন ৬ হাজার থেকে ১২ হাজার টাকা থেকে কমিয়ে ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ টাকায় নামিয়ে আনা হয়েছিল। বর্তমানে ৮ থেকে ১২ হাজার টাকার স্বল্প বেতনে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। অর্থাভাবে অনেক কর্মচারী চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হয়েছেন, এমনকি কেউ কেউ চাকরি হারিয়েছেন বলেও তিনি দাবি করেন।


বক্তারা জানান, এর আগে ২০২০ সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে কাফনের কাপড় পরে টানা ১৮ দিন অবস্থান কর্মসূচি পালনসহ বিভিন্ন সময় মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।


মানববন্ধনে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম সুইট, নাটোর রানী ভবানী কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, বগুড়া সরকারি শাহ সুলতান কলেজের সহ-সভাপতি মো. শফিকুল ইসলাম, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সহ-সভাপতি মো. মোখলেছুর রহমান, রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন, রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবিরসহ বিভিন্ন কলেজের বেসরকারি কর্মচারীরা।

শেয়ার করুন