রাজশাহীকে একটি সুন্দর, বাসযোগ্য ও দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) নতুন চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।
সোমবার (১৫ জুন) বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক আশা ও ভরসা নিয়ে আমাকে এ দায়িত্ব দিয়েছেন। সেই আস্থার প্রতিদান দিতে আমি রাজশাহীর সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করব।
তিনি জানান, উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া। পূর্বসূরিদের রেখে যাওয়া পরিকল্পনা ও মাস্টার প্ল্যান অনুসরণ করেই উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে। দায়িত্ব গ্রহণের পর নিজের কাজের পরিধি মূল্যায়ন করে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে রাজশাহীর উন্নয়ন আরও ত্বরান্বিত করা হবে।
নাগরিকদের জন্য শহরকে পুরোপুরি বাসযোগ্য করে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করে আবুল কালাম আজাদ সুইট বলেন, রাজশাহীকে এমনভাবে সাজাতে চাই, যেন এখানকার মানুষ স্বস্তিতে বসবাস করতে পারে এবং বুক ভরে নিশ্বাস নিতে পারে।
সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নয়ন ও সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, মানুষ যেন সহজে সেবা পায় এবং উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে আনন্দ লাভ করতে পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে।
দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে নতুন চেয়ারম্যান বলেন, সমাজ ও প্রতিষ্ঠান থেকে সব ধরনের দুর্নীতি সমূলে উৎখাত করা হবে। অতীতে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ থাকলে তা নির্দিষ্ট তথ্যসহ জানাতে তিনি সাধারণ মানুষ ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
এর আগে আনুষ্ঠানিকভাবে নথিতে স্বাক্ষর করে দায়িত্বভার গ্রহণ করেন আবুল কালাম আজাদ সুইট। দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে আয়োজিত দোয়া ও মোনাজাত শেষে তিনি কর্মকর্তা-কর্মচারী ও অতিথিদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। পরে আরডিএ অফিস চত্বরে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

