১৭ জুন ২০২৬, বুধবার, ১১:২১:১৫ অপরাহ্ন
রাজশাহীতে খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের অনিয়মের অভিযোগে মানববন্ধন
স্টাফ রিপোর্টার :
  • আপডেট করা হয়েছে : ১৭-০৬-২০২৬
রাজশাহীতে খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের অনিয়মের অভিযোগে মানববন্ধন

রাজশাহী শহর খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পরিচালনা পর্ষদের বিরুদ্ধে অব্যবস্থাপনা, অর্থ আত্মসাৎ, আর্থিক তথ্য জালিয়াতি, অডিট প্রতিবেদন টেম্পারিং এবং জাল সনদের মাধ্যমে চাকরি দেওয়ার অভিযোগে মানববন্ধন করেছেন সমিতির সাধারণ সদস্যরা।


বুধবার (১৭ জুন ) সকালে রাজশাহী শহর খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের কার্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জুলিয়ান বিশ্বাস।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বর্তমান পরিচালনা পর্ষদ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আর্থিক লেনদেনে অনিয়ম, তহবিলের অপব্যবহার, অর্থ আত্মসাৎ, অফিস ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা, নিয়োগ বাণিজ্য, জাল সনদের মাধ্যমে ম্যানেজার নিয়োগ, অডিট প্রতিবেদন টেম্পারিং করে সদস্যদের সঙ্গে প্রতারণা এবং অফিসে নিয়মিত মাদকজাতীয় দ্রব্য সেবনের মতো গুরুতর অভিযোগ রয়েছে। এসব বিষয়ে সুনির্দিষ্ট প্রমাণ থাকার পরও যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।


মানববন্ধনে বক্তব্য দেন জুলিয়ান বিশ্বাস, আন্দ্রিয়াস বিশ্বাস, মিলি ধনী, মমিন মারান্ডী ও সুবাস রোজারিওসহ সমিতির সাধারণ সদস্যরা।


বক্তারা ছয় দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—


. বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য এবং অভিযোগে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের অবিলম্বে পদত্যাগ।


. একটি অ্যাডহক কমিটি গঠন করে পরবর্তী নির্বাচন সম্পন্ন এবং নবনির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত প্রশাসনিক ক্ষমতা অ্যাডহক কমিটির হাতে দেওয়া।


. আত্মসাৎ ও তছরুপ করা অর্থ সমিতির তহবিলে ফেরত প্রদান।


. নিয়োগ বাণিজ্যের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ম্যানেজারকে দ্রুত অপসারণ।


. অডিট প্রতিবেদন জালিয়াতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।


. বর্তমান পরিচালনা পর্ষদ কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি সাময়িকভাবে স্থগিত করা।


মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এসব দাবির বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


এ সময় সমিতির সদস্য জুলিয়ান বিশ্বাস, আন্দ্রিয়াস বিশ্বাস, শিরিল মুর্মু, মিলি ধনী, মমিন মারান্ডী, সুবাস রোজারিওসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন