০৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ১১:৪২:২৩ অপরাহ্ন
রাজশাহীতে অনুমোদনহীন কেক কারখানায় জরিমানা
  • আপডেট করা হয়েছে : ০৯-০৭-২০২৬
রাজশাহীতে অনুমোদনহীন কেক কারখানায় জরিমানা

রাজশাহী নগরীতে অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে কেক উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।


বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নগরীর কুমারপাড়া আলুপট্টি এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযান চালানো হয়।


অভিযানে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই ‘ডেকোরেটেড কেক’ বা জন্মদিনের কেক তৈরি ও বিক্রির প্রমাণ পায় আদালত। এছাড়া প্রতিষ্ঠানটিতে নন-ফুড গ্রেড উপাদান ব্যবহার এবং উৎপাদন পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ছিল বলেও জানা যায়।


এ অপরাধে ‘কেক ব্রাইট’ নামের প্রতিষ্ঠানটিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। রাজশাহী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতে বিএসটিআইয়ের পক্ষে প্রসিকিউশন পরিচালনা করেন সংস্থাটির সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।


এ বিষয়ে বিএসটিআই রাজশাহী কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, “নগরবাসীকে নিরাপদ ও মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিত করতেই আমাদের এই অভিযান। ভেজাল ও অনুমোদনহীন খাদ্যপণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে।” কর্তৃপক্ষ আরও জানায়, অনুমোদনহীনভাবে খাদ্যপণ্য উৎপাদন ও বিক্রি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন