১৫ জুলাই ২০২৬, বুধবার, ০৯:১৩:৫১ অপরাহ্ন
সামাজিক মাধ্যমে ফাঁদ, পুলিশের অভিযানে ধরা ৪
  • আপডেট করা হয়েছে : ১৫-০৭-২০২৬
সামাজিক মাধ্যমে ফাঁদ, পুলিশের অভিযানে ধরা ৪

নওগাঁর পত্নীতলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ‘হানিট্রাপ’ বা প্রেমের ফাঁদে ফেলে নগ্ন ছবি ও ভিডিও ধারণ এবং পরবর্তীতে মুক্তিপণ আদায়ের অভিযোগে এক সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 


গত মঙ্গলবার রাতে পত্নীতলা উপজেলার সরদারপাড়া এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আসামিরা হলেন নওগাঁর পত্নীতলা উপজেলার পুঁইয়া এলাকার মৃত আল হেলালের ছেলে মাহফুজুর রহমান বাঁধন (২৬), একই উপজেলার শিবপুর সরদার পাড়ার মৃত কামরুজ্জামানের ছেলে মমিনুর ইসলাম (২২), পোরশা উপজেলার সুতরইল এলাকার মারুফ হাসান মুন্নার স্ত্রী মোছাঃ সাদিয়া আক্তার মায়া (১৯) এবং জয়পুরহাট জেলা সদর উপজেলার হালাট্টী এলাকার মোঃ শান্তর স্ত্রী রুমা খাতুন (২০)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত সংঘবদ্ধ চক্রটি সরদারপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে এই অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তারা মূলত ফেসবুক পেজ ও ইমো অ্যাপ ব্যবহার করে টার্গেট করা ব্যক্তিদের সাথে যোগাযোগ স্থাপন করতো। পরবর্তীতে সুসম্পর্ক গড়ে তোলার অজুহাতে ভিকটিমদের তাদের ভাড়া বাসায় ডেকে আনা হতো। বাসায় আসামাত্রই চক্রের পুরুষ সদস্যরা ভিকটিমকে আটকে রেখে মারধর করতো এবং জোরপূর্বক মোবাইলে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করতো। পরে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভিকটিমদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো।


এ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য পেয়ে নওগাঁর পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) ও পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একটি আভিযানিক দল ওই বাসায় ঝটিকা অভিযান চালায়। অভিযানকালে ঘটনাস্থল থেকে অপরাধের সাথে জড়িত দুই নারী ও দুই পুরুষ সদস্যকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা ঘটনার সত্যতা স্বীকার করেছে। তারা জানায়, বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে তারা এ ধরনের অপরাধ করে আসছিল।


এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, এই চক্রের সাথে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। একই সাথে তিনি তরুণ সমাজকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও সতর্ক হওয়ার এবং এ ধরনের হানিট্রাপের ফাঁদ থেকে সচেতন থাকার আহ্বান জানান।

শেয়ার করুন