২৪ জুলাই ২০২৬, শুক্রবার, ১২:৩৩:০২ পূর্বাহ্ন
ফুটবল প্রধানের মোবাইল জব্দ বিষয়ে কি বলছে আর্জেন্টিনার ফেডারেশন
  • আপডেট করা হয়েছে : ২৩-০৭-২০২৬
ফুটবল প্রধানের মোবাইল জব্দ বিষয়ে কি বলছে আর্জেন্টিনার ফেডারেশন

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার মোবাইল ফোন জব্দ এবং তাকে যুক্তরাষ্ট্রে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে—এমন সংবাদ প্রকাশের পর তা অস্বীকার করেছে এএফএ। ফেডারেশন বলেছে, এসব দাবি ‘সম্পূর্ণ অসত্য’।




আর্জেন্টাইন সংবাদমাধ্যম ইনফোবে ও ক্লারিন–এর প্রতিবেদনে দাবি করা হয়, নিউইয়র্কের জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে এফবিআই একটি অভিযানে তাপিয়াসহ এএফএর কয়েকজন কর্মকর্তার মোবাইল ফোন ও ইলেকট্রনিক ডিভাইস চেয়েছে। একই সঙ্গে ক্লদিও তাপিয়াকে আগামী ৩০ জুলাই ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।



প্রতিবেদনগুলোতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ফ্লোরিডাভিত্তিক প্রতিষ্ঠান ‘ট্যুরপ্রডএন্টার’-সংক্রান্ত তথ্য চাইছে। ব্যবসায়ী হাভিয়ের ফারোনির সঙ্গে সংশ্লিষ্ট এই প্রতিষ্ঠানটি স্পন্সরশিপ, প্রীতি ম্যাচ এবং টেলিভিশন স্বত্ব বিক্রির ক্ষেত্রে এএফএর বাণিজ্যিক প্রতিনিধি হিসেবে কাজ করে।



ক্লারিন–এর দাবি, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে স্পন্সরদের কাছ থেকে প্রাপ্ত অর্থ এএফএর আর্থিক বিবরণীতে যথাযথভাবে দেখানো হয়নি—এমন অভিযোগসহ আরও কিছু আর্থিক অনিয়ম তদন্তাধীন রয়েছে।



তবে এসব খবর প্রকাশের পর এক বিবৃতিতে এএফএ জানায়, গণমাধ্যমে যে নথির কথা বলা হচ্ছে, সেটি ক্লদিও তাপিয়া বা এএফএর কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোর নামে জারি করা কোনো সমন নয়।



ফেডারেশন জানায়, ফ্লোরিডার সাউদার্ন ডিস্ট্রিক্ট কোর্টের সমনটি একটি ‘তৃতীয় পক্ষের’ উদ্দেশে জারি করা হয়েছে। সেখানে প্রয়োজন হলে এএফএর কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট নথি ও যোগাযোগের তথ্য উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। তবে তাপিয়া বা পাবলো তোভিগিনোকে সাক্ষ্য দিতে তলব করা হয়নি এবং তাদের মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসও জব্দ করা হয়নি।



এএফএ আরও দাবি করেছে, সংশ্লিষ্ট নথিতে সভাপতি বা কোষাধ্যক্ষের বিরুদ্ধে কোনো ব্যক্তিগত আইনি ব্যবস্থা, আদালতে হাজিরার নির্দেশ, সম্পদ জব্দ বা অন্য কোনো বাধ্যবাধকতার উল্লেখ নেই।




বিবৃতিতে ফেডারেশন জানায়, কর্মকর্তাদের অধিকার ক্ষুণ্ন করে এমন মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার অধিকার তারা সংরক্ষণ করছে।



শেয়ার করুন