বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিয়োগে ব্রুনাই দারুসসালামের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পাশাপাশি দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা এবং সরাসরি আকাশ যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজি হারিস বিন ওসমানের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বৈঠকে শামা ওবায়েদ ইসলাম বাংলাদেশি নাগরিকদের জন্য ব্রুনাইয়ে আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ঢাকার আগ্রহের কথা জানান। তিনি বলেন, উভয় দেশের পারস্পরিক স্বার্থে জনশক্তি সহযোগিতা আরও সম্প্রসারণ করা প্রয়োজন।
এ সময় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে ব্যবসায়ী পর্যায়ে সরাসরি যোগাযোগ (বিজনেস-টু-বিজনেস) বাড়ানো, নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং বাংলাদেশ-ব্রুনাই চেম্বার অব কমার্স প্রতিষ্ঠার বিষয়েও গুরুত্ব দেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রুনাইয়ের বাজারে বাংলাদেশের ওষুধ, পাটজাত পণ্য, কৃষিপণ্য ও আমের রপ্তানি বাড়াতে আরও বেশি বাজার সুবিধা দেওয়ার আহ্বান জানান।
ব্রুনাইয়ের হাইকমিশনার এসব প্রস্তাবকে স্বাগত জানিয়ে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর বিষয়ে তার দেশের আগ্রহের কথা জানান।
বৈঠকে দুই দেশের ব্যবসায়ী সংগঠন, উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সমন্বয়ে একটি যৌথ ব্যবসায়িক গ্রুপ গঠনের বিষয়ে উভয় পক্ষ সম্মত হয়। এই গ্রুপ দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি এবং পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করতে কাজ করবে।

