১৯ অগাস্ট ২০২৬, বুধবার, ০৫:৩৯:৩৪ পূর্বাহ্ন
রাজশাহীতে পুলিশের যৌথ অভিযানে পরিমাণ মাদকসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রাকিবুল হোসেন শাহীন:
  • আপডেট করা হয়েছে : ১৭-০৮-২০২৬
রাজশাহীতে পুলিশের যৌথ অভিযানে পরিমাণ মাদকসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), বেলপুকুর থানা, কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি ও কাটাখালী থানা পুলিশ পৃথক পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল, হেরোইন ও ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। রবিবার, ১৬ আগস্ট ২০২৬ তারিখে মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গত ১৬ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মতিহার থানার চরশ্যামপুর এলাকায় অভিযান চালায়। এসময় একই গ্রামের মো: কোরবান আলী ওরফে ইমান (ছদ্মনাম) (১৭)-কে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে বেলপুকুর থানা পুলিশ ভড়ুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে একই গ্রামের মো: কুদ্দুস আলীর ছেলে মো: রতন আলী (৩৬)-কে গ্রেপ্তার করে। তার কাছ থেকে ৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই দিন দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে কাশিয়াডাঙ্গা থানার কেশবপুর পুলিশ ফাঁড়ি গোলজারবাগ গুড়িপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ গ্রামের মো: সেকেন্দার আলীর ছেলে মো: সানাউল হোসেন ওরফে মাসুদ (৩৫)-কে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মাসুদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় পূর্বে ২টি মাদক মামলা রয়েছে। অপরদিকে একই দিন বিকাল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে কাটাখালী থানা পুলিশ নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন, বাখরাবাজ মধ্যপাড়া গ্রামের মো: মামুন আলীর ছেলে মো: ইনজামুল হক (২২) এবং একই গ্রামের মো: শাহ আলমের ছেলে মো: নয়ন ওরফে সজিব ইসলাম (১৯)। 

ইনজামুলের কাছ থেকে ৬ পিস এবং সজিবের কাছ থেকে ৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে। তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, নগরীকে মাদকমুক্ত রাখতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের নির্দেশনা ও তত্ত্বাবধানে ডিবি ও থানা পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ অভিযান গুলো পরিচালিত হচ্ছে।

শেয়ার করুন