ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়ে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে রাষ্ট্রদ্রোহের মামলায় নগরের সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের অভিযোগ, জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছিলেন এবং শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গেও তার সম্পৃক্ততা ছিল। এ ছাড়া দলটির নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিটের (এসআরইউ) একটি দল সিএমপি অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (জনসংযোগ) মো. আমিনুর রশিদ ঢাকা পোস্টকে বলেন, ‘শনিবার মামলা দায়েরের পরপরই পুলিশ ও এসআরইউর একটি দল তাকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।’
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী ঢাকা পোস্টকে বলেন, ‘তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর শনিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে মামলা করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে পাঁচলাইশ থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।’
এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে নিজ কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। সেদিন তা১র ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। পরদিন বুধবার (১১ নভেম্বর) তাকে আটকের গুঞ্জন ছড়িয়ে পড়লে তখন তা অস্বীকার করে ডিআইজি জানিয়েছিলেন, অভিযোগের ভিত্তিতে ওই কর্মকর্তার দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।
জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তারের পর তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।