১৭ পুলিশ কর্মকর্তাকে ব`দলি


, আপডেট করা হয়েছে : 19-11-2026

১৭ পুলিশ কর্মকর্তাকে ব`দলি

সরকার বাংলাদেশ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে। তাদের মধ্যে অতিরিক্ত ডিআইজি, ডিআইজি, পুলিশ সুপার ও উপপুলিশ কমিশনার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।



বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।


প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ওসমান গণিকে রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারের (পিটিসি) কমান্ড্যান্ট করা হয়েছে। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউল ইসলামকে সিআইডির বিশেষ পুলিশ সুপার এবং একই ইউনিটের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দীন আহমেদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার করা হয়েছে।


সিআইডির বিশেষ পুলিশ সুপার মোনালিসা বেগমকে পিটিসি, রংপুরে পদায়ন করা হয়েছে। পুলিশ টেলিকম, রাজারবাগের পুলিশ সুপার শাহরিয়ার বিন সালেহকে রেলওয়ে পুলিশের পুলিশ সুপার এবং খুলনা মহানগর পুলিশের (কেএমপি) উপপুলিশ কমিশনার মেরিনা আক্তারকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার করা হয়েছে।


পুলিশ টেলিকম, ঢাকার পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকীকে ৬ এপিবিএন, মহালছড়ি, খাগড়াছড়ির ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার করা হয়েছে। স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ডিআইজি মো. মাহমুদুর রহমানকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকার ডিআইজি পদে পদায়ন করা হয়েছে।


সিআইডির পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার এবং টিডিএস, ঢাকার অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে পিটিসি, রংপুরের অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।


চট্টগ্রাম মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) শেখ শরীফুল ইসলামকে শেরপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে। সিআইডির পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ নজরুল ইসলামকে নীলফামারী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট করা হয়েছে।


পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি বর্তমানে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগে সংযুক্ত রয়েছেন।


এ ছাড়া রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে খুলনা মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে।


স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার মো. আশ্রাফুজ্জামান এবং চট্টগ্রাম মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার কবীর আহম্মেদকে খুলনা মহানগর পুলিশে পদায়ন করা হয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার