ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তদারকি জোরদার করতে ১২ পুলিশ কর্মকর্তাকে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। আগামী দুই মাসের জন্য তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। সংযুক্ত কর্মকর্তাদের ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রথম প্রজ্ঞাপনে সংযুক্ত আট কর্মকর্তা হলেন—ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মোহাম্মদ শাহ ইমরান ও মো. মেহেদী হাসান, সিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোহেল রানা, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. মোকছেদুল মমিন, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. আবু সিয়াম ও মো. মাকসুদুল হাসান।
দ্বিতীয় প্রজ্ঞাপনে সংযুক্ত করা হয়েছে আরও চার কর্মকর্তাকে। তারা হলেন- পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনী, এ বি এম মুজাহিদুল ইসলাম ও মো. আতিকুর রহমান এবং গাজীপুর মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন শাকিল।
প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী দুই মাস তারা ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন। এ সময় ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি ও প্রয়োজনীয় সমন্বয়ের দায়িত্ব পালন করবেন।