জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৪ সেপ্টেম্বর অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে। ফলে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পরদিন, অর্থাৎ ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের এবারের সাধারণ বিতর্ক ২২ থেকে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। অধিবেশনের ৮১তম পর্বের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান। এবারের অধিবেশনের প্রতিপাদ্য ‘আস্থা পুনর্গঠন, পরিবর্তন সামলানো: সবার জন্য কার্যকর জাতিসংঘ’।
সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের উচ্চপর্যায়ের বিভিন্ন বৈঠকে অংশ নেবেন। উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, মহামারি প্রতিরোধ ও পরমাণু নিরস্ত্রীকরণসহ বিভিন্ন বিষয়ে আয়োজিত আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে।
এ ছাড়া সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে রোহিঙ্গা সংকটসহ বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা এবং বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এবারের সফরসঙ্গীর সংখ্যাও তুলনামূলকভাবে কম রাখা হয়েছে। আগের কয়েকটি সরকারের জাতিসংঘ সফরের তুলনায় ছোট প্রতিনিধিদল নিয়ে এই সফর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
জাতিসংঘের সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী তারেক রহমানের এটি হবে সরকারপ্রধান হিসেবে প্রথম ভাষণ।