২০৫০ সালের চাহিদা ও উপযোগিতার আলোকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়কে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় একটি আধুনিক জনবল কাঠামো প্রণয়নের কাজ শুরু হচ্ছে।
রোববার (২৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে সংসদ সচিবালয়ের জনবল সংক্রান্ত কমিটির চতুর্থ সভায় এ বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সভায় কমিটির সদস্য চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, মো. সেলিম রেজা, মো. মাহবুবুল আলম এবং মোসাম্মৎ শাম্মী আক্তার অংশ নেন।
সভায় বিগত সভার সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ ছাড়া সংসদ সচিবালয়ের সব গাড়িচালকের পূর্ণাঙ্গ শারীরিক সক্ষমতা সংক্রান্ত প্রতিবেদন উপস্থাপন করা হয়।
একই সঙ্গে ইউএনডিপির সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়ের সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) সংস্কার এবং বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিসের স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ধারণাপত্র উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। সভায় ইউএনডিপির সহযোগিতায় একটি আধুনিক ও যুগোপযোগী জনবল কাঠামো প্রণয়নে সংস্থাটির কারিগরি ও সার্বিক সহায়তা কামনা করা হয়।
প্রস্তাবিত এই জনবল কাঠামোটি সংসদ সচিবালয় কমিশনের আগামী সভায় উপস্থাপন করা সম্ভব হবে বলে বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।