রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকায় মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে যুবদল-ছাত্রদলের আবেদন


স্টাফ রিপোর্টার : , আপডেট করা হয়েছে : 20-09-2026

রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকায় মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে যুবদল-ছাত্রদলের আবেদন

রাজশাহীর চন্দ্রিমা থানা এলাকায় মাদকদ্রব্যের অবৈধ ক্রয়-বিক্রয় ও কিশোর গ্যাংয়ের অপরাধমূলক তৎপরতা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে আবেদন করেছে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।


রোববার (২০ সেপ্টেম্বর) চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জের (ওসি) কাছে এ আবেদন করা হয়।


আবেদনে বলা হয়, চন্দ্রিমা থানা এলাকার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্যের অবৈধ ক্রয়-বিক্রয় ও সেবনের ঘটনা ঘটছে বলে এলাকাবাসীর অভিযোগ। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্ক ও তরুণদের একটি অংশ সংঘবদ্ধ হয়ে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে।


এ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ সড়ক, গলি ও নির্জন এলাকায় বিশেষ করে রাতে পুলিশের টহল বৃদ্ধি, মাদকদ্রব্যের অবৈধ ক্রয়-বিক্রয় ও সরবরাহের বিরুদ্ধে নিয়মিত অভিযান, কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ডে গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।


এছাড়া রাতে অপ্রয়োজনে রাস্তায় অবস্থানকারী অপ্রাপ্তবয়স্ক কিশোরদের সতর্ক করা, প্রয়োজন অনুযায়ী অভিভাবকদের অবহিত ও কাউন্সেলিংয়ের আওতায় আনা এবং মাদক ও কিশোর গ্যাংয়ের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতামূলক প্রচারণা চালানোরও অনুরোধ জানানো হয়েছে।


আবেদনে আরও বলা হয়, কোনো নিরপরাধ ব্যক্তি বা কিশোরকে হয়রানি নয়; প্রকৃত অপরাধী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি কিশোরদের অপরাধের পথ থেকে ফিরিয়ে আনাই তাদের মূল উদ্দেশ্য।


যুবদল ও ছাত্রদলের উদ্যোগে করা এ আবেদনের সময় ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল, রাজশাহী মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, সাবেক ছাত্রনেতা শহিদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার