সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি পিপিএম-সেবা পদকে ভূষিত পুলিশ কমিশনার, নগরীজুড়ে প্রশংসা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২০


রাকিবুল হোসেন শাহীন: , আপডেট করা হয়েছে : 24-09-2026

সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি পিপিএম-সেবা পদকে ভূষিত পুলিশ কমিশনার, নগরীজুড়ে প্রশংসা, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২০

রাজশাহী মহানগরীতে অপরাধ দমনে কঠোর অবস্থানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। মহানগরীর বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে গত ২৪ ঘণ্টায় ওয়ারেন্টভুক্ত ২ জন, মাদক মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ১২ জনসহ মোট ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 


রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (মুখপাত্র) উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম বলেন, এই সফলতা আরএমপির পুলিশ কমিশনারের দূরদর্শী নেতৃত্বেরই ফসল। পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির মহোদয় তাঁর দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও অসীম সাহসিকতার সাথে দায়িত্ব পালন করার স্বীকৃতি স্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অত্যন্ত মর্যাদাপূর্ণ ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)’ এ ভূষিত হয়েছেন। এটি শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো রাজশাহী মেট্রোপলিটন পুলিশের জন্য গর্বের। তিনি আরও বলেন, একজন পিপিএম পদকপ্রাপ্ত সৎ ও মানবিক অফিসারের নেতৃত্বে আমরা কাজ করতে পেরে গর্বিত। 


স্যার যোগদানের পর থেকেই ‘সেবা ও ন্যায়বিচার নিশ্চিতকরণ’ এবং ‘জিরো কমপ্লেইন থানা’ বাস্তবায়নে যে কর্মপরিকল্পনা দিয়েছেন, তাতে নগরীতে অপরাধ দমনে নতুন গতি এসেছে। মাদক, সন্ত্রাস ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে স্যারের জিরো টলারেন্স নীতি এবং সাধারণ মানুষের সাথে ভালো আচরণের নির্দেশনা - এই দুইয়ের সমন্বয়ে রাজশাহীতে এখন সত্যিকারের জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠিত হচ্ছে। পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে জননিরাপত্তা নিশ্চিতে আরএমপির এই ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার