পাকিস্তানকে ১১২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ


, আপডেট করা হয়েছে : 01-10-2026

পাকিস্তানকে ১১২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা পর শুরু হয় বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল। প্রতিকূল আবহাওয়া ও মাঠের পানি নিষ্কাশনব্যবস্থা ভালো না হওয়ায় কয়েক দিন ধরেই ম্যাচটি হওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ পর্যন্ত ম্যাচটি ১৩ ওভারে নামিয়ে আনা হয়। আগে ব্যাটিং করে ৭ উইকেটে ১১১ রান করেছে বাংলাদেশ। ফলে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১১২।



সূর্যোদয়ের দেশ জাপানে আজ সকাল থেকেই ছিল তীব্র রোদ। সেই রোদ উপেক্ষা করেই শেডহীন গ্যালারিতে হাজির হন বাংলাদেশের সমর্থকেরা। কেউ জার্সি পরে, কেউ ছোট পতাকা হাতে ‘বাংলাদেশ, বাংলাদেশ’ স্লোগানে গলা মেলান। ফুটবলপ্রধান দেশটিতে লিটন-মুস্তাফিজদের খেলা দেখতে মুখিয়ে ছিলেন জাপানে থাকা বাংলাদেশি প্রবাসীরা।


সোয়া এক ঘণ্টা দেরিতে শুরু হওয়া ম্যাচে অবশ্য চার-ছক্কার খুব বেশি দেখা মেলেনি। ১৩ ওভারের ম্যাচে পাওয়ার প্লে ছিল চার ওভারের। তবে প্রথম চার ওভারেই ৩ উইকেট হারিয়ে মাত্র ২৩ রান করে বাংলাদেশ।


বৃষ্টির কারণে চার দিনের বেশি সময় উইকেট কাভারের নিচে থাকায় পাকিস্তান বেশির ভাগ ওভার করিয়েছে স্পিনারদের দিয়ে। সাইম আইয়ুব ২ ওভারে মাত্র ৩ রান দিয়ে ১ উইকেট নেন। বাংলাদেশের রান আটকে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।


পাকিস্তান এশিয়ান গেমসে পূর্ণ শক্তির দল পাঠায়নি। বিপরীতে বাংলাদেশ পূর্ণাঙ্গ জাতীয় দল পাঠিয়েও পাকিস্তানের বোলিংয়ের সামনে ব্যাট হাতে ভুগেছে। তাওহীদ হৃদয় ২৫ বলে ৪২ রানের ইনিংস না খেললে বাংলাদেশের রান ১০০ পার করাই কঠিন হতো। হৃদয়, সাইফ হাসান ও মোসাদ্দেক সৈকত ছাড়া আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি।


সবচেয়ে হতাশ করেছেন অধিনায়ক লিটন দাস। তিন বলে মাত্র ২ রান করে রিভার্স সুইপ খেলতে গিয়ে বোল্ড হন তিনি। তার বিদায়ে চাপে পড়ে বাংলাদেশ।


১৩ ওভারের ম্যাচেও বাংলাদেশের ব্যাটিং ছিল ধীরগতির। একপর্যায়ে ৬.৩ ওভারে ৪৫ রানে ৪ উইকেট হারায় দল। এরপর হৃদয় ও মোসাদ্দেক সৈকতের জুটিতে আসে ৪৩ রান। তবে দুই রান ব্যবধানে দুজনের বিদায়ে বড় সংগ্রহের সম্ভাবনাও কমে যায়।



পাকিস্তানের অনভিজ্ঞ বোলিং লাইনআপও বাংলাদেশকে চাপে রেখেছে। সুফিয়ান মুকিম ৩ ওভারে ২৬ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। বাংলাদেশকে আরও কম রানে আটকে রাখার সুযোগ থাকলেও পাকিস্তানি বোলাররা ১৫টি ওয়াইড দিয়েছেন। কয়েক দিন টানা বৃষ্টির কারণে আউটফিল্ডও ছিল কিছুটা মন্থর।


এই ম্যাচে পাকিস্তানকে হারাতে পারলে অন্তত রৌপ্যপদক নিশ্চিত হবে বাংলাদেশের। আর হেরে গেলে ৩ অক্টোবর ভারত ও শ্রীলঙ্কার ম্যাচের বিজয়ী দলের বিপক্ষে ব্রোঞ্জপদকের জন্য লড়তে হবে বাংলাদেশকে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার