শিক্ষকদের পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা, সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি


, আপডেট করা হয়েছে : 01-10-2026

শিক্ষকদের পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা, সব শিক্ষাপ্রতিষ্ঠানে চিঠি

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী মাঠপর্যায়ের জনবলের বেতন নির্ধারণের প্রস্তুতি শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর অংশ হিসেবে অধীন সব অফিস ও প্রতিষ্ঠানের কর্মীদের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। আগামী ৭ অক্টোবরের মধ্যে নির্ধারিত ছকে এসব তথ্য পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (১ অক্টোবর) মাউশি থেকে এ-সংক্রান্ত চিঠি জারি করা হয়।


চিঠিতে বলা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর এবং এতে স্বচ্ছতা বাড়াতে iBAS++-এর Organogram sub-module-এর ডেটাবেইসে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণের কাজ চলছে। এতে পদ বা পদবি, মূল গ্রেড ও পদের সংখ্যা অন্তর্ভুক্ত করা হবে।


সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করার লক্ষ্যে iBAS++-এর Pay Fixation-sub-system-এ জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে মাউশি ও এর অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর প্রতিষ্ঠানভিত্তিক জনবলের তথ্য Organogram sub-module-এ এন্ট্রি করা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।


এতে আরও বলা হয়, মাউশির অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোকে এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলো Organogram sub-module-এ এন্ট্রি করতে হবে। এ জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার (পূর্বের ব্যয় নিয়ন্ত্রণ অধিশাখা) পৃষ্ঠাঙ্কন করা জিওসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত ছকে পাঠাতে হবে।


চিঠিতে তথ্যের হার্ড কপি উপপরিচালক, এইচআরএম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা, রুম নম্বর-৫৩০-এ জমা দিতে বলা হয়েছে। একই সঙ্গে সফট কপি Nikosh ফন্টে Word Document আকারে [dd.hrm.dshe@gmail.com](mailto:dd.hrm.dshe@gmail.com) ঠিকানায় ই-মেইলে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।


নির্ধারিত ছকে ক্রমিক নম্বর, পদের নাম (বাংলা ও ইংরেজি), পদের মূল গ্রেড (substantive grade), পদসংখ্যা ও মন্তব্য উল্লেখ করতে হবে। এসব তথ্য আগামী ৭ অক্টোবরের মধ্যে পাঠাতে হবে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার