রাবি ছাত্রীকে মুঠোফোনে কুপ্রস্তাব, যুবককে পিটিয়ে পুলিশে দিলেন সহপাঠীরা


, আপডেট করা হয়েছে : 03-10-2026

রাবি ছাত্রীকে মুঠোফোনে কুপ্রস্তাব, যুবককে পিটিয়ে পুলিশে দিলেন সহপাঠীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের এক ছাত্রীকে মুঠোফোনে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন ওই ছাত্রীর সহপাঠীরা। এ সময় তাকে মারধর করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।



শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকা থেকে ওই যুবককে আটক করেন শিক্ষার্থীরা। পরে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।


আটক যুবকের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়। তিনি বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী। দুই দিন আগে তিনি রাজশাহীতে আসেন বলে জানা গেছে।


অভিযোগকারী ছাত্রী ও ক্যাম্পাস সূত্রে জানা যায়, ছাত্রীর সাবেক এক রুমমেটের সঙ্গে ওই যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্রে তিনি ওই ছাত্রীকে চিনতেন। গত বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে ওই যুবক মুঠোফোনে কল করে পরদিন দেখা করতে চান। নম্বরটি অপরিচিত হওয়ায় ছাত্রী তার পরিচয় জানতে চাইলে যুবক তাকে কুপ্রস্তাব দেন বলে অভিযোগ করা হয়েছে।


বিষয়টি পরে ওই ছাত্রী তার বন্ধু ও পরিচিতদের জানান। একপর্যায়ে তিনি ওই যুবককে ফোন করে ক্যাম্পাসে আসতে বলেন। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলে ছাত্রীর সহপাঠীরা তাকে আটক করেন। এ সময় তাকে মারধর করা হয়।


পরে খবর পেয়ে ভোরে ঘটনাস্থলে যায় চন্দ্রিমা থানার পুলিশ। প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে ওই যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


অভিযোগকারী ছাত্রী বলেন, ‘এমন কুপ্রস্তাব একজন নারীর নিরাপত্তাহীনতার বিষয়টি সামনে আনে। আমি এ ঘটনায় মামলা করব।’


তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই যুবক। ঘটনাস্থলে তিনি বলেন, ‘আমি এমন কোনো প্রস্তাব দিইনি। আমার মুঠোফোন থেকে অন্য কেউ কলটি করতে পারে। তার সঙ্গে আমার পূর্বপরিচয় ছিল। সে কারণে আমি তার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম।’


চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সহায়তায় ভোরে ওই যুবককে আটক করে থানায় আনা হয়েছে। তাকে মারধর করা হয়েছিল। এ কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন। লিখিত অভিযোগ বা মামলা করা হলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার