এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান এম গাজিউল হক আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৫ অক্টোবর) ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ৯২ বছর।
ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) প্রতিষ্ঠাকালীন পরিচালক ও সাবেক চেয়ারম্যান ছিলেন এম গাজিউল হক। স্ত্রী সুলতানা হক, ছেলে ইবিএলের বর্তমান চেয়ারম্যান আনিস আহমেদ, মেয়ে আনিলা হকসহ আত্মীয়স্বজন, বন্ধু, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি।
সোমবার বাদ মাগরিব ঢাকার গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করার কথা।
এম গাজিউল হক সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক ব্যবসায়িক প্রতিষ্ঠান এমজিএইচ গ্রুপের চেয়ারম্যান ছিলেন। ২৩টির বেশি দেশে কার্যক্রম পরিচালনাকারী এই গ্রুপের ব্যবসার মধ্যে রয়েছে সমন্বিত সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, লো-কস্ট এয়ারলাইনসের জন্য টোটাল কার্গো ম্যানেজমেন্ট (টিসিএম), এয়ারলাইনসের গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, আন্তসীমান্ত মালবাহী রেলসেবা, স্যাটেলাইট ফুলফিলমেন্ট সেন্টার (এসএফসি) পরিচালনা, এফএম রেডিও, চা ও রাবার বাগান, খাদ্য ও পানীয় এবং বাণিজ্যিক ব্যাংকিং।
১৯৯৩ সালে ইবিএলের পরিচালনা পর্ষদে যোগ দেন গাজিউল হক। তিনি দুই মেয়াদে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
এম গাজিউল হক ব্রিটিশ প্রতিষ্ঠান বার্ড অ্যান্ড কোম্পানি লিমিটেডের মাধ্যমে তার পেশাজীবন শুরু করেন। ১৯৭৬ সালে তিনি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির রূপান্তরের মাধ্যমে বার্ডস বাংলাদেশ লিমিটেড প্রতিষ্ঠিত হয়।
দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ও এ অঞ্চলের ব্যবসা ও উদ্যোক্তা উন্নয়নে গুরত্বপূর্ণ ভৃমিকা রাখেন। ইবিএলের বিকাশেও তার উল্লেখযোগ্য অবদান ছিল। তিনি ব্যাংকটির প্রাতিষ্ঠানিক উন্নয়ন ও করপোরেট সুশাসন জোরদারে গুররুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
এম গাজিউল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার সভাপতি আমিরুল হক।