ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে জামিনে বের হয়ে যাওয়া এক আসামির নাম ও ঠিকানা ব্যবহার করে কৌশলে পালিয়ে গেছে হৃদয় (২৮) নামে হত্যা মামলার আসামি।
গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটলেও শনিবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। জেল পালানো হৃদয় জেলার কসবা উপজেলার নিমবাড়ি এলাকার মুজিবুর মিয়ার ছেলে।
এ ঘটনায় চট্টগ্রামের কারা উপ-মহা পরিদর্শক মো: ছগির মিয়াকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বাকি দুই সদস্য হলেন, চাঁদপুরের জেলার এবং ফেনীর জেল সুপার রয়েছেন।
কারাগার সূত্রে জানা গেছে, কসবা থানার একটি হত্যা মামলায় অন্তর্বর্তীকালীন হাজতের পরোয়ানা মূলে গত বছরের ৭ ডিসেম্বর জেলা কারাগারে যান হৃদয়। পরবর্তীতে গত ২৯ জানুয়ারি দুপুরে জামিনে কারামুক্ত নবীনগর থানার একটি মামলার আসামি দিদার হোসেনের নাম-ঠিকানা ব্যবহার করে জামিনপ্রাপ্ত অন্য বন্দিদের মুক্তি দেওয়ার সময় কৌশলে পালিয়ে যান হৃদয়। এ ঘটনায় ইতোমধ্যে কারাগারের দায়ী ৬ কর্মকর্তা-কর্মচারীদের সাময়িক বহিস্কার করা হয়।
এ ঘটনায় চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক মো.ছগির মিয়া বলেন, অন্য আসামীর জামিনের কাগজ দেখিয়ে হৃদয় নামে এক আসামি কারাগার থেকে কৌশলে পালিয়ে গেছে। এ ঘটনায় সদর থানায় থানায় মামলা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে ছয়জন কারারক্ষীকে সাময়িক বহিস্কার করা হয়েছে।