কুমিল্লার দাউদকান্দি গৌরীপুর বাজারে আগুনে পুড়ে গেছে ২৫টি দোকান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় গৌরীপুর বাজারের ঢাকা হোমনা সড়কের পূর্ব পাশে কাঠপট্টিতে এ ঘটনা ঘটে। আগুনে প্রায় ৪ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
বাজারের ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে একটি ফার্নিচারের দোকানে আগুন লাগে।
মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের কয়েকটি ফার্নিচারের দোকান ও গলিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে হোমনা ও চান্দিনা থেকে আরো ৬টি ইউনিট এসে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে আগুনে পুড়ে ১০টি ফার্নিচারের দোকান, একটা ইলেকট্রিক ও এসির শো রুম, দুইটি অটোরিকশা গ্যারেজ ও গোডাউনসহ ২৫টি দোকানসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এতে ব্যবসায়ীদের প্রায় ৪ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
ফার্নিচার ব্যবসায়ী আমির হোসেন বলেন, ‘আগুনে আমাদের সব শেষ হয়ে গেছে। ফার্নিচার মার্কেটের সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের দোকানগুলোতে ৪ থেকে ৫ কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
’
কুমিল্লা ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ ইদ্রিস বলেন, ‘দাউদকান্দি, হোমনা ও চান্দিনা উপজেলার ৯টি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এ মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না।’
দাউদকান্দি মডেল থানা ওসি মো. আবদুল হালিম বলেন, ‘গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ পরিদর্শক মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা প্রশাসনের কেউ ঘটনাস্থলে আসেনি।