সূর্যবংশীর ঝড় ম্লান করে গুজরাটকে ফাইনালে তুললেন গিল


, আপডেট করা হয়েছে : 30-05-2026

সূর্যবংশীর ঝড় ম্লান করে গুজরাটকে ফাইনালে তুললেন গিল

আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে বৈভব সূর্যবংশীর দুর্দান্ত ব্যাটিংও শেষ পর্যন্ত রাজস্থান রয়্যালসকে ফাইনালে তুলতে পারেনি। তার ঝলমলে ইনিংসকে ছাপিয়ে অধিনায়ক শুভমান গিলের শতকে ভর করে গুজরাট টাইটান্স জায়গা করে নিয়েছে ফাইনালে।


কঠিন উইকেটে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে ৪৭ বলে ৯৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সূর্যবংশী। ইনিংসজুড়ে তিনি মারেন ৮টি চার ও ৭টি ছক্কা। মাত্র ৪ রানের জন্য শতক হাতছাড়া হলেও রাজস্থানের বড় সংগ্রহ গড়ার ভিত্তি তৈরি করেন এই তরুণ ব্যাটার।


তার সঙ্গে রবীন্দ্র জাদেজার ৪৫ এবং ডোনোভান ফেরেইরার ১১ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ২১৪ রান তোলে রাজস্থান।



তবে বড় লক্ষ্য তাড়ায় শুরু থেকেই দাপট দেখায় গুজরাট। শুভমান গিল ও সাই সুদর্শনের ব্যাটে দ্রুত রান তুলতে থাকে দলটি। দ্বিতীয় উইকেটে দুজন মিলে মাত্র ১২.৫ ওভারে ১৬৭ রানের দুর্দান্ত জুটি গড়েন।



সুদর্শন ৩২ বলে ৫৮ রান করে ফিরলেও আক্রমণ চালিয়ে যান গিল। রাজস্থানের বোলারদের ওপর একক আধিপত্য বিস্তার করে ৫৩ বলে ১০৪ রানের অসাধারণ ইনিংস খেলেন গুজরাট অধিনায়ক। তার ইনিংসে ছিল ১৫টি চার ও ৩টি ছক্কা।


গিলের ব্যাটিং নৈপুণ্যে ১৮.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৯ রান তুলে জয় নিশ্চিত করে গুজরাট টাইটান্স।


এই জয়ে ফাইনালে উঠেছে গুজরাট। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ম্যাচটি অনুষ্ঠিত হবে আহমেদাবাদে, যা গুজরাটের জন্য বাড়তি সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।


অন্যদিকে, দুর্দান্ত মৌসুম কাটিয়েও শিরোপার স্বপ্ন অপূর্ণই থেকে গেল রাজস্থান ও বৈভব সূর্যবংশীর। চলতি আসর শেষ করলেন তিনি ২৩৭.৩ স্ট্রাইক রেটে ৭৭৬ রান নিয়ে। তার ব্যাটিং নৈপুণ্য ছিল এবারের আইপিএলের অন্যতম বড় আকর্ষণ।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার