প্রধানমন্ত্রীর সফরচিত্রে গান, যা বললেন হাবিব


, আপডেট করা হয়েছে : 24-06-2026

প্রধানমন্ত্রীর সফরচিত্রে গান, যা বললেন হাবিব

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের অফিসিয়াল ফেসবুক পেজে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া সফরের একটি ভিডিও প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছে ‘মহাজাদু’ গানটি। ভিডিওটির আবহসংগীত হিসেবে ব্যবহৃত হয়েছে কোক স্টুডিও বাংলার জনপ্রিয় এই গান। এটি গেয়েছিলেন হাবিব ওয়াহিদ ।


ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন হাবিব ওয়াহিদ। তিনি জানান, আগে থেকে এ বিষয়ে কিছুই জানতেন না। সকালে ঘুম থেকে উঠে মোবাইলে পাঠানো কয়েকটি লিংকের মাধ্যমে বিষয়টি জানতে পারেন।


হাবিব বলেন, 'লিংকে ক্লিক করে দেখি দুই দেশের প্রধানমন্ত্রীর সফরের গুরুত্বপূর্ণ ভিডিওতে আমার গান ব্যবহার করা হয়েছে। এটা দেখে আমি সত্যিই অবাক হয়েছি। তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের ভিডিওতে আমার গান ব্যবহৃত হওয়ায় আমি সম্মানিত বোধ করছি। নিজেকে ভাগ্যবান মনে হচ্ছে।'


গানটি ব্যবহারের বিষয়ে কেউ আগে থেকে যোগাযোগ করেননি বলেও জানান এই সংগীতশিল্পী। তিনি বলেন, 'আমার সঙ্গে এ নিয়ে কেউ কথা বলেনি। হঠাৎ করেই বিষয়টি জানতে পেরে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি।'


ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও হাবিব জানান, তিনি নিয়মিত ফেসবুক ব্যবহার করেন না। তাই সরাসরি প্রতিক্রিয়াগুলো দেখতে না পারলেও বিভিন্নজনের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার কথা শুনছেন।


এ প্রসঙ্গে তিনি বলেন, 'ভক্তদের যদি ভালো লাগে, সেটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি ভক্তদের জন্যই গান করি। তাদের ভালো লাগা মানেই আমারও ভালো লাগা।'


তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তার সঙ্গে কোনো সাক্ষাৎ বা যোগাযোগ হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে হাবিব স্পষ্ট করে বলেন, 'না, প্রধানমন্ত্রীর সঙ্গে আমার দেখা হয়নি, কথাও হয়নি। এ কারণেই বিষয়টি আমাকে আরও বেশি অবাক করেছে।'


বর্তমান ব্যস্ততা সম্পর্কে হাবিব ওয়াহিদ জানান, তিনি নতুন গান নিয়েই ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি তার ‘প্রেমের কলঙ্ক’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে, যা শ্রোতাদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার