নিম্নচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে গত কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমেছে। তবে বৃষ্টির মাত্রা বাড়ছে রাজশাহী বিভাগসহ উত্তরাঞ্চলে। অবশ্য আগামী কয়েক দিন বৃষ্টির তীব্রতা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে চট্টগ্রাম জেলার আমবাগানে। এ সময় রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ৪৬ মিলিমিটার।
গত কয়েক দিনের মতো আজও দেশের ৮ বিভাগে বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এ ছাড়া ঢাকাসহ দেশের ১৮টি অঞ্চলে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দুপুরের মধ্যে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।
বৃষ্টির কারণে তাপমাত্রাও কমে আসতে পারে। আজ সকাল ৭টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকায় সকাল ৬টা তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। এ ছাড়া ঢাকা ও আশপাশের এলাকায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, মৌসুমি বায়ু ও নিম্নচাপের প্রভাবে চট্টগ্রামসহ দেশের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে। তবে গতকাল শুক্রবার থেকে এসব অঞ্চলে বৃষ্টির তীব্রতা কমে এসেছে। এখন রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলে বৃষ্টি বাড়ছে। আগামী কয়েক দিনও কম-বেশি বৃষ্টি হবে। তবে এর তীব্রতা কমে আসবে।