রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশ ও বায়া বাজার পুলিশ ফাঁড়ির যৌথ চেকপোস্ট অভিযানে ৯৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ে সহায়তার অভিযোগে আইনের সাথে সংঘাতে জড়িত ১ শিশুকেও আটক করা হয়।
১২ জুলাই ২০২৬ তারিখ বিকেল আনুমানিক পৌনে ৬ টার দিকে এয়ারপোর্ট থানার পশ্চিম বাঘাটা এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে চেকপোস্ট পরিচালনার সময় একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেল আরোহী রাজশাহী জেলার মোহনপুর উপজেলার তাহিরপুর গ্রামের মৃত বাদশার ছেলে মো: আজমাল ওরফে আজমল (৪৮) এবং আইনের সাথে সংঘাতে জড়িত শিশু তরিকুল (ছদ্মনাম) (১৭)-কে আটক করা হয়।
তল্লাশিকালে আজমলের কাছে থাকা ব্যাগ থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ৯৮৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আজমল ও আটকৃত শিশু দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে মহানগরীর বিভিন্ন এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় করে আসছিল। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামি আজমালকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত শিশুকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।