শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ নিশ্চিত করতে রাজশাহীর দুর্গাপুর উপজেলায় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি -এডিপির আওতায় এই উপকরণ দেওয়া হয়।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে উঁচু-নিচু বেঞ্চ, সিলিং ফ্যান, আলমারি ও ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আ. ন. ম. রাকিবুল ইউসুফ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া দুর্গাপুর)আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। প্রধান অতিথির বক্তব্যে এমপি অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন করলেই হবে না, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় উপকরণ নিশ্চিত করাও জরুরি। শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পঞ্চনন্দ সরকার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রুহুল আমিন, কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারজিনা খাতুন, পিআইও শামীম আহম্মেদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আসাদুজ্জামান সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষক, সাংবাদিক ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাজনৈতিক নেতাদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সদস্য সাইদুর রহমান মন্টু, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক হাসানুজ্জামান লাল্টু প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠান প্রধানদের হাতে শিক্ষা উপকরণ বুঝিয়ে দেওয়া হয়। উপকরণের মধ্যে ছিল উঁচু-নিচু বেঞ্চ, সিলিং ফ্যান, আলমারি ও বিভিন্ন ক্রীড়া সামগ্রী। শিক্ষক ও অভিভাবকরা আশা প্রকাশ করেন, এসব উপকরণ শিক্ষার্থীদের পাঠদান ও সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করবে।