রাজশাহী মহানগরীর আইনশৃঙ্খলা, নাগরিক সমস্যা এবং গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোচনা করতে রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ -আরএমপি। সোমবার বেলা ১১টায় আরএমপি সদর দপ্তরের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির সভায় রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দ তাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। পাশাপাশি নগরবাসীর ভোগান্তির বিভিন্ন বিষয়ও পুলিশ কমিশনারের নজরে আনেন।
আলোচনায় উঠে আসা প্রধান সমস্যাগুলো হলো, রাজশাহী মহানগরীর ট্রাফিক জ্যাম, ফুটপাত দখল, ব্যাটারিচালিত অটোরিকশার আধিক্য, মাদক ও জুয়ার বিস্তার, রাস্তায় যত্রতত্র নির্মাণ সামগ্রী রাখা এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা। এডিটরস ফোরামের নেতারা এসব সমস্যা সমাধানে পুলিশের আরও কঠোর ও সমন্বিত উদ্যোগের দাবি জানান। পুলিশ কমিশনার যা বললেন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।
তিনি উত্থাপিত প্রতিটি বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি বলেন, গণমাধ্যম ও পুলিশের পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত প্রচেষ্টা জনসচেতনতা বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুলিশ কমিশনার যৌক্তিক সমস্যা গুলোর দ্রুত, কার্যকর ও টেকসই সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ ধরনের মতবিনিময় সভা পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সুসম্পর্ক আরও সুদৃঢ় করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময়, রাজশাহী এডিটরস ফোরামের পক্ষে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, সহ-সভাপতি ও আমাদের রাজশাহীর সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক ও রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, কোষাধ্যক্ষ ও দৈনিক সানশাইনের সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ও গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, নির্বাহী সদস্য ও দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত এবং উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম মোঃ ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার সদর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, উপ-পুলিশ কমিশনার ডিবি অতিরিক্ত ডিআইজি মোঃ মনিরুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক মোঃ নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার ফোর্স মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং আরএমপির মুখপাত্র উপ-পুলিশ কমিশনার সিটিটিসি মোঃ গাজিউর রহমান সহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।