অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের চলমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে স্পেন। দেশটির সরকার বলেছে, বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়ে যাচ্ছে। খবর আলজাজিরার।
রোববার (২৬ জুলাই) এক বিবৃতিতে স্পেনের সরকার জানায়, পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দায়মুক্তির সঙ্গে চলমান সহিংসতা চালিয়ে যাওয়া ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডের আমরা জোরালো নিন্দা জানাই।
বিবৃতিতে শুক্রবার তাল গ্রামে বসতি স্থাপনকারীদের হামলার কথা উল্লেখ করে বলা হয়, ওই ঘটনায় চার ফিলিস্তিনি বেসামরিক নাগরিক এবং দুই ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত হয়েছেন।
এছাড়া, ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন বসতি সম্প্রসারণ এবং ফিলিস্তিনি বেসামরিক জনগণের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতায় প্রশ্রয় দেওয়ার নীতি থেকে সরে আসার আহ্বান জানায় মাদ্রিদ। একই সঙ্গে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদার শক্তি হিসেবে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের দায়িত্ব পালনেরও দাবি জানায় স্পেন।