আমি ফিরে এসেছি মানুষ ও দেশের জন্য: মির্জা আব্বাস


, আপডেট করা হয়েছে : 03-09-2026

আমি ফিরে এসেছি মানুষ ও দেশের জন্য: মির্জা আব্বাস

দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন থাকার পর জাতীয় সংসদে ফিরে মানুষের পাশে দাঁড়িয়ে দেশ ও জাতির জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করার জন্য।’


বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে এসব কথা বলেন মির্জা আব্বাস। দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে সংসদের কার্যক্রমে নিয়মিত অংশ নিতে না পারার কথাও তুলে ধরেন তিনি।


মির্জা আব্বাস বলেন, ‘সংসদের আমার সকল দীর্ঘদিনের রাজনীতি সহকর্মী ভাইদেরকে আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা হয়তো জানেন, আমি প্রায় সাড়ে পাঁচ মাস চিকিৎসাধীন আছি। আমার নির্বাচনের পর পর কোনো এক মিটিংয়ে আমার গুরুত্বর স্ট্রোক আক্রান্ত হই। তারপর থেকে আমি বিদেশে চিকিৎসাধীন ছিলাম। ছিলাম বললে, ভুল হবে; এখনো আছি।’



অসুস্থতার সময় তার খোঁজখবর নেওয়া এবং সুস্থতার জন্য দোয়া করায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, সহকর্মী সংসদ সদস্য ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।


‘নেহায়েতেই আবেগ-ভালোবাসা’ থেকে ফিরেছেন জানিয়ে ঢাকা-৮ আসনের এ সংসদ সদস্য বলেন, ‘আমার চিকিৎসা এখনো শেষ হয় নাই।’


তিনি বলেন, ‘আজকের দিনটি আমার রাজনৈতিক জীবনের অত্যন্ত আবেগঘন এবং স্মরণীয় একটি দিন। ২০০৬ সালের পর আজ জাতীয় সংসদের এই পবিত্র কক্ষে কথা বলার সুযোগ পেয়েছি। একজন সদসংসদ হিসেবে এর চেয়ে আনন্দের গর্বের মুহূর্ত আর কি হতে পারে!’


তিনি আরও বলেন, ‘এই কঠিন সময় যারা আমাকে আমার জন্য দোয়া করেছেন, খোঁজখবর নিয়েছেন, পাশে থেকেছেন—তাদের প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আপনাদের এই ভালোবাসা ও আন্তরিক কথা আমি কোনদিন ভুলবো না।’


মির্জা আব্বাস বলেন, ‘‘আজ মহান সংসদে ফিরে এসে আমার মনে হচ্ছে রাজনীতি শুধু মতপার্থক্যের মধ্যে নয়, রাজনীতি মানুষের জন্য; সংসদ বিতর্কের জন্য নয়। এটি মানুষের আশাঙ্কার আকাঙ্ক্ষার প্রতিফলন।’


নিজের নির্বাচনী এলাকার মানুষ এবং দেশের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করার কথা জানিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বলেন, ‘আমি আল্লাহর কাছে দোয়া করি। তিনি যেন আমাকে সুস্থতা ও শক্তি দেন; যাতে আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য অবশিষ্ট সময় বাকি আর সময়টুকু আরও নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি।


২০০৬ সালের পর আবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ পাওয়াকে নিজের রাজনৈতিক জীবনের অত্যন্ত আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘আজ এই মহান সংসদে দাঁড়িয়ে আমি শুধু এই কথা বলতে চাই, আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করার জন্য।’


বক্তব্যের শেষে দেশবাসীর কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চান মির্জা আব্বাস। একই সঙ্গে তিনি বলেন, বেঁচে থাকা সময়টুকুতে যেন দেশ ও জাতির জন্য কিছু করতে পারেন, সে জন্য সবার দোয়া কামনা করছেন।


উল্লেখ্য, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় পাঁচ মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার