আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলের জনপ্রিয় ও জনসমর্থন রয়েছে, এমন নেতাদের প্রার্থী করার নির্দেশ দিয়েছেন সরকারদলীয় সংসদীয় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে দলীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি। পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে সংসদ সদস্যদের।
রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শুরু হয়ে তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা সরকারদলীয় সংসদীয় দলের সভায় প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন।
সভায় অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য জানান, প্রধানমন্ত্রী প্রায় ৩০ মিনিট বক্তব্য দেন। দলের মধ্যে ঐক্য ও শৃঙ্খলা জোরদার করার পাশাপাশি আগামী স্থানীয় সরকার নির্বাচনে ভালো ফল অর্জনের ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়, এমন অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ও সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।
নাম প্রকাশ না করার শর্তে সভায় অংশ নেওয়া একজন প্রতিমন্ত্রী বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ও জামায়াতের মধ্যে ঐক্য গড়ে ওঠার আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এ পরিস্থিতিতে নির্বাচনে জয়ী হতে তৃণমূল পর্যায়ে জনপ্রিয় ও গ্রহণযোগ্য নেতাদের প্রার্থী করার নির্দেশ দিয়েছেন তিনি।
জানা গেছে, সভায় প্রধানমন্ত্রী ছাড়াও স্থানীয় সরকারমন্ত্রী ড. আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ, আইনমন্ত্রী আসাদুজ্জামানসহ ২০ জনের বেশি সংসদ সদস্য বক্তব্য রাখেন।
সভায় অংশ নেওয়া আরেক সংসদ সদস্য বলেন, বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় ছিল আসন্ন স্থানীয় সরকার নির্বাচন। এ নির্বাচনে সঠিক প্রার্থী বাছাই এবং দল ও সংগঠনকে ঐক্যবদ্ধ রাখার ওপর গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি গত সাত মাসে সরকারের নেওয়া উন্নয়ন কর্মকাণ্ড নিজ নিজ নির্বাচনী এলাকার সাধারণ মানুষের সামনে তুলে ধরতে সংসদ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া দলের কেন্দ্রীয় কর্মসূচির ওপর নির্ভর না থেকে স্ব-স্ব উদ্যোগে তৃণমূল পর্যায়ে কর্মসূচি পালন করতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
ওই সংসদ সদস্য আরও বলেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজ নিজ এলাকায় দলীয় নেতাকর্মীদের নিয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
নাম প্রকাশ না করার শর্তে আরেক প্রতিমন্ত্রী জানান, আগামী ৮ নভেম্বর থেকে জাতীয় সংসদের পরবর্তী অধিবেশন শুরু হতে পারে বলে সভায় জানানো হয়েছে। অধিবেশন শুরুর আগে আবারও সরকারদলীয় সংসদীয় দলের সভা ডাকা হবে। এছাড়া সভায় দলীয় সংসদ সদস্যদের স্বৈরাচারী না হওয়ার নির্দেশনা দেওয়া হয়। জনগণের সঙ্গে নিয়ে চলতে বলা হয়। কারণ আগামীতেও নির্বাচনে জয়ী হতে হবে।
সভায় অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য জানান, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং তৃণমূল পর্যায়ে জনগণের ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধাশীল থাকার ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অপরাধী বা চাঁদাবাজ যে-ই হোক, এমনকি দলীয় পরিচয় থাকলেও তাকে ছাড় দেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি।
তারা বলেন, এ সময় রাড্ডা ঘটনার অভিযোগে অভিযুক্ত দলের একজন নারী সংসদ সদস্যের পদত্যাগের প্রসঙ্গ তুলে সংসদ সদস্যদের সতর্ক থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি নিজ নিজ নির্বাচনী এলাকার সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং স্থানীয় প্রশাসনের কর্মকাণ্ডের ওপর নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে জনগণ কোনো ধরনের হয়রানির শিকার না হয়।
দেশে অস্থিতিশীলতা তৈরির জন্য একটি মহল নানা ধরনের ষড়যন্ত্র করছে বলেও সভায় আলোচনা হয়েছে বলেও জানান একজন সংসদ সদস্য। তিনি বলেন, এ পরিস্থিতিতে জনগণকে সঙ্গে নিয়ে সতর্ক থাকার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দুইজন সংসদ সদস্য জানান, বিশেষভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নিয়ে যেকোনো ধরনের সহিংসতা বা উসকানিমূলক কর্মকাণ্ডের তথ্য তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশ দেওয়ার কথা বলা হয়েছে।
সভার আরেকটি সূত্র জানায়, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান ও সংসদ সদস্যদের করণীয় নির্ধারণের বিষয়েও আলোচনা হয়েছে। নির্বাচন যখনই হোক, এখন থেকেই প্রস্তুতি নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কোন্দল কিংবা প্রভাব বিস্তারের চেষ্টা সহ্য করা হবে না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে। যোগ্য, ত্যাগী ও জনগণের কাছে গ্রহণযোগ্য ব্যক্তিদের প্রার্থী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে একজন মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক ও জ্বালানি খাত নিয়ে বিভ্রান্তি বা গুজব ছড়ানোর অপচেষ্টা মোকাবিলায় সংসদ সদস্যদের সচেষ্ট থাকতে বলা হয়েছে। সভায় প্রধানমন্ত্রীর বক্তব্যে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি অনুসরণের বিষয়টি গুরুত্ব পেয়েছে। কেউ অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে দলীয় পদ বা পরিচয় বিবেচনা না করে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
সভা শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, স্থানীয় নির্বাচনে সঠিক প্রার্থী বাছাই করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় তিন ঘণ্টা বৈঠকের পর বিএনপির সংসদীয় দলের এ বৈঠক শেষ হয়।
চিফ হুইপ আরও বলেন, সরকারের কার্যক্রম নিয়ে জনগণের কাছে সরকার জবাবদিহি করবে। সভায় সংসদ সদস্যদের নানা বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন এবং স্থানীয় নির্বাচনে সঠিক নেতৃত্ব বেছে নেয়ার পরামর্শ দিয়েছেন। স্থানীয় নির্বাচনে দল থেকে একক প্রার্থী দেবে বিএনপি।
এছাড়া আগামী মাসে সংসদ অধিবেশন আবার বসবে বলেও জানান চিফ হুইপ।