পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৯, অধিকাংশই শিশু


, আপডেট করা হয়েছে : 15-10-2026

পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ২৯, অধিকাংশই শিশু

পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ শিশু ও এক নারী শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শহরের দির কলোনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও বহু শিক্ষার্থী আহত হয়েছে।


হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহত ২৮ শিশুর মরদেহ হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনায় অন্তত ২০ শিশু আহত হয়েছে বলে জানানো হয়েছে। তবে পুলিশের ভাষ্য অনুযায়ী, আহতের সংখ্যা ৪০ ছাড়িয়েছে।


দুর্ঘটনার পর স্কুলটির ছাদ ধসে পড়লে বেশ কয়েকজন শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। এ ঘটনায় স্কুলের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।


পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে উদ্ধার অভিযান দ্রুত শেষ করা এবং আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।


খাইবার পাখতুনখাওয়া প্রদেশের গভর্নর ফয়সাল করিম কুন্দিও শোক প্রকাশ করে আহতদের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।


এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিতে বেসরকারি স্কুল নিয়ন্ত্রক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে প্রাদেশিক শিক্ষা বিভাগ।


  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার