বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া


, আপডেট করা হয়েছে : 17-10-2026

বৈধ বিদেশি কর্মীর সংখ্যা জানাল মালয়েশিয়া

মালয়েশিয়ায় বৈধভাবে কর্মরত বিদেশি কর্মীদের মধ্যে মিয়ানমারের নাগরিক রয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৭৫৮ জন। 


চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশটির অভিবাসন বিভাগের (জেআইএম) পরিসংখ্যান অনুযায়ী, বৈধ অস্থায়ী কর্মানুমতিধারী বিদেশি কর্মীদের উৎসদেশের তালিকায় মিয়ানমারের অবস্থান চতুর্থ।


মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (কেডিএন) অধীন অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, দেশটিতে বর্তমানে বৈধ অস্থায়ী কর্মানুমতি (পিএলকেএস) নিয়ে কাজ করছেন ২০ লাখ ৭৯ হাজার ৮৫৯ জন বিদেশি নাগরিক। তাঁদের মধ্যে মিয়ানমারের নাগরিকের হার ৭ দশমিক ৪৪ শতাংশ।


বিদেশি কর্মীদের ব্যবস্থাপনা আরও কার্যকর করতে নিবন্ধন, কর্মানুমতির শর্ত প্রতিপালন এবং অভিবাসন আইন বাস্তবায়নে নজরদারি জোরদার করেছে মালয়েশিয়া সরকার।


দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল বলেছেন, বৈধ কর্মানুমতিধারী বিদেশি কর্মীদের সঙ্গে অভিবাসন আইন লঙ্ঘনকারীদের পৃথকভাবে বিবেচনা করতে হবে।


মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিদেশি কর্মীদের উপস্থিতি ও কর্মানুমতির তথ্য যথাযথভাবে নথিভুক্ত করা এবং নির্ধারিত শর্ত অনুযায়ী তাঁদের কার্যক্রম পর্যবেক্ষণ করা সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ অংশ।


এ লক্ষ্যে তথ্যনির্ভর নজরদারি, আইন মেনে চলা নিশ্চিত করা এবং সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দিচ্ছে অভিবাসন বিভাগ। এসব কার্যক্রমের আওতায় বৈধ কর্মীদের তথ্য ব্যবস্থাপনার পাশাপাশি অভিবাসন আইন লঙ্ঘনের ঘটনাও পর্যবেক্ষণ করা হচ্ছে।


মন্ত্রণালয় জানিয়েছে, মাদানি সরকারের অঙ্গীকার অনুযায়ী বিদেশি কর্মীদের ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও সততা নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত থাকবে। এর মাধ্যমে জাতীয় নিরাপত্তা রক্ষা এবং মালয়েশিয়ার নাগরিকদের কল্যাণ নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার