রাজশাহী বোর্ডে পাসের হার কমেছে প্রায় ১৪ শতাংশ


, আপডেট করা হয়েছে : 31-10-2026

রাজশাহী বোর্ডে পাসের হার কমেছে প্রায় ১৪ শতাংশ

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৪৫ দশমিক ৬ শতাংশ। গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ১৩ দশমিক ৮ শতাংশ। একই সঙ্গে ফলাফলে ছাত্রদের তুলনায় ছাত্রীরা উল্লেখযোগ্যভাবে এগিয়ে রয়েছেন। এ বছর বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৫২০ শিক্ষার্থী।


শনিবার (৩১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরিন ফলাফলের এ তথ্য জানান।


বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন। এর মধ্যে ছাত্রদের পাসের হার ৩৭ দশমিক ৭১ শতাংশ এবং ছাত্রীদের পাসের হার ৫৩ দশমিক ০৩ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের চেয়ে ছাত্রীরা ১৫ দশমিক ৩২ শতাংশ এগিয়ে রয়েছেন।



এ বছর মোট ৪ হাজার ৫২০ শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করেছেন। তাদের মধ্যে ছাত্র ১ হাজার ৯৬৫ এবং ছাত্রী ২ হাজার ৫৫৫ জন। জিপিএ ৫ প্রাপ্তিতেও ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন।


গত বছরের ফলাফলের সঙ্গে তুলনা করলে দেখা যায় ২০২৫ সালে রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৫৯ দশমিক ৪০ শতাংশ। সে হিসেবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ১৩ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ এবার বোর্ডের সার্বিক ফলাফলে বড় ধরনের অবনতি হয়েছে।


গত কয়েক বছরের ফলাফল বিশ্লেষণেও পাসের হারে উল্লেখযোগ্য ওঠানামা দেখা যায়। ২০২৪ সালে রাজশাহী বোর্ডে পাসের হার ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ। ২০২৩ সালে ৭৮ দশমিক ৪৬ শতাংশ ২০২২ সালে ৮১ দশমিক ৬০ শতাংশ এবং ২০২১ সালে ৯৭ দশমিক ২৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। আর ২০২০ সালে শতভাগ পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছিলেন।


একসময় উচ্চ পাসের হারের জন্য পরিচিত রাজশাহী শিক্ষা বোর্ডে গত দুই বছরে ফলাফলের ধারাবাহিক অবনতি শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে ছাত্রদের পাসের হার ৪০ শতাংশের নিচে নেমে আসা এবং সামগ্রিক পাসের হার ৫০ শতাংশেরও কম হওয়া ফলাফলের মান ও শিক্ষার অগ্রগতি নিয়ে প্রশ্নের জন্ম দিয়েছে।


তবে ছাত্রীদের পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে থাকার বিষয়টি এবারের ফলাফলের ইতিবাচক দিক হিসেবে দেখা হচ্ছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার