চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার


, আপডেট করা হয়েছে : 15-09-2026

চাঁপাইনবাবগঞ্জে আ.লীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাত নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।


মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সোমবার রাতে জেলার পাঁচ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি একরামুল হোসাইন জানান, সোমবার রাত ৩টার দিকে পৌর এলাকার একটি ভাড়া বাসা থেকে ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিককে গ্রেপ্তার করা হয়।


তিনি রামকৃষ্টপুর এলাকার ওবায়দুল হকের ছেলে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, কাশিয়াবাড়ী গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. রাকিবকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।


গোমস্তাপুর থানার ওসি নূরে আলম জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পৃথক তিন অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।


তারা হলেন, বাঙ্গাবাড়ী ইউনিয়নের শ্যামপুর গ্রামের শাহজাহান আলী দুখুর ছেলে ও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. খাদিমুল ইসলাম (২৮), বোয়ালিয়া ইউনিয়নের নরশিয়া গ্রামের প্রয়াত তাহসেন আলীর ছেলে মো. সাদেক আলী (৫৫) এবং গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ি গ্রামের প্রয়াত আবুল কালাম আজাদের ছেলে ও উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি মো. জান্নাতুল আলম (৪৮)।


পুলিশের ভাষ্য, সাদেক আলী আওয়ামী লীগের সক্রিয় কর্মী ও অর্থদাতা এবং জান্নাতুল আলম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি হুমায়ুন রেজার আপন ভাগনে। গ্রেপ্তার তিনজনকেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


ভোলাহাট থানার ওসি আব্দুল বারিক জানান, উপজেলার ধরমপুর গ্রামের মাসুদের ছেলে ইউনুস আলী রাহাতকে (২০) একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।


নাচোল থানার ওসি সুকোমল দেবনাথ জানান, হরিপুর গ্রামের শাহালালের ছেলে সনিকে (২০) গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় সদস্য। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার