জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিতে রাজধানীর নয়াপল্টনে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরপর দলের চেয়ারম্যানের নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এর আগে সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেবেন তিনি।
শনিবার (৭ নভেম্বর) বিকেল পৌনে ৩টায় তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসেন প্রধানমন্ত্রী।
শোভাযাত্রাটি রাজধানীর কাকরাইল, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে। এ আয়োজন ঘিরে ইতিমধ্যে সব ধরনের সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
এ কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা নেতাকর্মীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে নয়াপল্টন ও আশপাশের এলাকা।
শনিবার দুপুর থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। রাজধানীর বিভিন্ন এলাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দেন দলটির নেতাকর্মীরা।
বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো পল্টন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। কারও হাতে দলীয় পতাকা, কারো হাতে ব্যানার ও ফেস্টুন। দলীয় স্লোগানে মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
শোভাযাত্রায় ব্যতিক্রমী আয়োজনও নজর কেড়েছে।