ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আজ সোমবার বেলা সাড়ে ৩টায় শুরু হয়েছে। অধিবেশন চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে অধিবেশন বসবে।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বৈঠকে সভাপতিত্ব করছেন।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশন আট কার্যদিবস চলার সম্ভাবনা রয়েছে। অধিবেশনে তিনটি অধ্যাদেশ ও সরকারি বিল উত্থাপন, আলোচনা এবং বিভিন্ন জাতীয় বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে সংবিধান সংস্কার, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের বিষয়গুলো রাজনৈতিক আলোচনায় গুরুত্ব পেতে পারে।
রোববার বিকেলে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমা ও কার্যসূচি চূড়ান্ত করা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ সংসদের জ্যেষ্ঠ সদস্য ও হুইপরা উপস্থিত ছিলেন।
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের অধিকার নিয়ে পর্যালোচনা চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী
বৈঠক শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশন শুরু হবে। তবে প্রয়োজন অনুযায়ী স্পিকার অধিবেশনের সময়সূচি ও কার্যদিবসে পরিবর্তন আনতে পারবেন।
এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ১৭৪টি প্রশ্ন জমা পড়েছে। এ ছাড়া অন্যান্য মন্ত্রীকে উদ্দেশ্য করে জমা হয়েছে ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন। অধিবেশনে সরকারি বিল উত্থাপন ও আলোচনা, সংসদ সদস্যদের প্রশ্নোত্তর পর্ব এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশের ওপর সাধারণ আলোচনাসহ নিয়মিত সংসদীয় কার্যক্রম চলবে।