যেভাবে পাঠাতে হবে হজের খরচ, জানাল বাংলাদেশ ব্যাংক


, আপডেট করা হয়েছে : 11-11-2026

যেভাবে পাঠাতে হবে হজের খরচ, জানাল বাংলাদেশ ব্যাংক

আগামী ২০২৭ সালের হজে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় অংশ নেওয়া যাত্রীদের সৌদি আরবের খরচের অর্থ পাঠানোর পদ্ধতি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এ অর্থ অনুমোদিত ব্যাংকের মাধ্যমে সরাসরি সৌদি আরবের সংশ্লিষ্ট আন্তর্জাতিক ব্যাংক হিসাব নম্বরে (আইবিএএন) পাঠাতে হবে।


মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর প্রধান কার্যালয়ে পাঠিয়েছে।


প্রজ্ঞাপনে বলা হয়, হজযাত্রীদের আবাসন, মিনা-আরাফায় তাঁবু বুকিং এবং সৌদি সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তির খরচ নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের অর্থ সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় ও রমনা করপোরেট শাখায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিসাবের মাধ্যমে পাঠানো হবে।


অন্যদিকে, বেসরকারি হজ এজেন্সিগুলো উন্নত প্যাকেজের হোটেল ভাড়া, মাশায়ের ও পরিবহনসংক্রান্ত চুক্তির অর্থ সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে সরাসরি সৌদি আরবে পাঠাবে। এসব লেনদেনে ব্যবহার করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আইবিএএন হিসাব।


ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন করতে এ নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


আগামী বছরের হজে বাংলাদেশের জন্য সৌদি আরবের নির্ধারিত কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৫০০ জনের হজ পালনের সুযোগ ছিল। নিবন্ধনের চাহিদা বিবেচনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আরও ২০ হাজার হজযাত্রীর কোটা বাড়ানোর আবেদন করা হয়েছিল।


এর মধ্যে হজে বাংলাদেশের কোটা ৫ হাজার বাড়িয়েছে সৌদি আরব। নতুন করে ৫ হাজার কোটা বরাদ্দ পাওয়ায় আগামী বছর বাংলাদেশ থেকে ৮৩ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।


প্রকাশিত হজ প্যাকেজ অনুযায়ী, সৌদি পর্বের খরচ জনপ্রতি সর্বোচ্চ ৪ লাখ ৭০ হাজার ৯০ টাকা এবং সর্বনিম্ন ৩ লাখ ৬২ হাজার ৯১১ টাকা নির্ধারণ করা হয়েছে।



  • সম্পাদক ও প্রকাশক: ইঞ্জিনিয়ার মো: রায়হানুল ইসলাম

  • উপদেষ্টাঃ মোঃ ইব্রাহীম হায়দার