০২ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১১:০১:৩৪ অপরাহ্ন
রাণীশংকৈলে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • আপডেট করা হয়েছে : ০৭-০২-২০২৬
রাণীশংকৈলে ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাণীশংকৈলে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দেশের অন্যতম বৃহৎ ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের দীর্ঘ পথচলার এই দিনটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।


এ উপলক্ষে ইসলামী ছাত্রশিবির রাণীশংকৈল উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি কেন্দ্রীয় হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বন্দর চৌরাস্তায় গিয়ে শেষ হয়। র‍্যালিতে ছাত্রশিবিরের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।


পরে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাদিকুল ইসলাম মুন্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ (রাণীশংকৈল-পীরগঞ্জ) আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মতিউর রহমান।


এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি রাশিদুল ইসলাম ও আবু সুফিয়ান, জেলা প্রেস ও মিডিয়া আহ্বায়ক শাহাজালাল জুয়েল এবং উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি সাবিবর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


বক্তারা তাদের বক্তব্যে বলেন, ১৯৭৭ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মাত্র ছয়জন সদস্য নিয়ে আনুষ্ঠানিকভাবে ইসলামী ছাত্রশিবিরের যাত্রা শুরু হয়। জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন হিসেবে আদর্শিক ও সাংগঠনিক সংগ্রামের মধ্য দিয়ে ইসলামী ছাত্রশিবির দীর্ঘদিন ধরে ছাত্রসমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।


তারা আরও বলেন, ইসলামী ছাত্রশিবিরের এই দীর্ঘ পথচলার ত্যাগ, সংগ্রাম ও অভিজ্ঞতা ভবিষ্যতে একটি ন্যায়ভিত্তিক ইসলামী রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের আদর্শে উজ্জীবিত হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

শেয়ার করুন